দেবক বন্দ্যোপাধ্যায়
:
তৃণমূলে এখন আর মমতা নয় অভিষেকরাজ চলছে!
দলের ভেতর এরকম চাপা গুঞ্জন থাকলেও স্বাভাবিকভাবেই এই নিয়ে মুখ খোলেন না দলের নেতা-নেত্রীরা। মুকুল রায় যতদিন দলের সেকেন্ড ইন কম্যান্ড ছিলেন, ততদিন সাংগঠনিক প্রায় সব ব্যাপারেই তিনি নিজে সিদ্ধান্ত নিলেও দলনেত্রীর অনুমোদন ছাড়া কোনও সিদ্ধান্তই কার্যকর করতেন না। যদিও অনেকে বলে থাকেন মুকুল নিজের সিদ্ধান্তকে দলনেত্রীর সিদ্ধান্ত বলে চালাতেন। দলের যে অংশটি এমন মতের প্রবক্তা তাদের কাছে অবশ্য এই মতের সপক্ষে কোনও প্রমাণ নেই। সকাল ১১ থেকে রাত দু’টো পর্যন্ত নাগাড়ে দলের কাজে নিজেকে নিয়োজিত রাখতেন মুকুল। দলে তাঁর বিরোধী গোষ্ঠী তাঁর নামে বিবিধ অভিযোগ করলেও, তিনি মমতা বন্দ্যোপাধ্যাকে গৌণ করে দিচ্ছেন, এমন অভিযোগ কেউ কোনওদিন করেননি বা এমন গুঞ্জনেরও উদ্ভব হয়নি।
তবে এবার হচ্ছে আর হচ্ছে বলেই রাজ্য বিজেপির নায়ক-নেতা জয় বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য জনসভায় বলতে পারছেন,” অভিষেক ব্যানার্জিকে আমি খোকাবাবু বলি। তাঁর নির্দেশেই এখন গোটা রাজ্য চলছে। ”
জয়ের এই বক্তব্যে সত্যতা খুঁজে পাচ্ছে তৃণমূলেরই একটা বড় অংশ। দলের মধ্যে অভিষেককে ঘিরে একটি বড় অংশ তৈরি হয়েছে। এই অংশটি গড়ে উঠেছে মূলত দলের নবাগতদের নিয়ে। তাদের সঙ্গে যাঁরা ঝটিতি বুঝে গেছেন দলে নেতৃত্বের উত্তরাধিকার অভিষেকের হাতে, তাঁরাও কংগ্রেস ঘরাণার রাজনীতির ধর্ম মেনে, ঢলে পড়েছেন অভিষেকের দিকে। অভিষেকও দ্রুত হয়ে উঠেছেন তৃণমূলের রাহুল গান্ধি।
তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতারাও এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় রাজনীতির ময়দানে দেখতেই বেশি পছন্দ করছেন । তাঁর নেতৃত্বগুণকে সম্মান দেখিয়ে তাঁরা মমতাকে এখন শুধু সর্বভারতীয় নয়, আন্তর্জাতিক স্তরে দেখতে ও দেখাতে চাইছেন। রাজনীতিক হিসেবে, লড়াকু নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান অনস্বীকার্য কিন্তু তাঁকে উচ্চাসনে বসিয়ে প্রতিদিনের রাজ্য রাজনীতি থেকে তাঁকে যদি দুরে সরিয়ে দেওয়া হয় তাহলে সেটা কতটা সমীচীন তা নিয়েও প্রশ্ন রয়েছে।
সব মিলিয়ে পুজোর মরসুমে জয় বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য তৃণমূলের চাপা গুঞ্জনকে সামনে এনে দিয়েছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news