নীল রায়। শোভন নয়, তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কেই প্রাধান্য দিচ্ছে তৃণমূল কংগ্রেস। প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় আর তৃণমূলে ফিরবেন না। এমনটা বুঝতে পেরেই শুক্রবার সকালে বিধানসভায় নিজের কক্ষে বেহালার ১৯ জন কাউন্সিলরকে বৈঠকে ডেকেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে হাজির হন বেহালার ১৬ জন কাউন্সিলর। সেখানে মুখ্যমন্ত্রী তাদের জানিয়ে দেন পুরোনো কাউন্সিলরদের উপর ভরসা রেখে তাদেরই আগামী পৌর নির্বাচনে প্রার্থী করা হবে। তাই তারা ভালো করে কাজ করুন। সঙ্গে আরও একটি সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাতেই বেহালার কাউন্সিলররা বুঝে যান শোভন চট্টোপাধ্যায় এখন তৃণমূলের কাছে অতীত ইতিহাস মাত্র। শোভন চট্টোপাধ্যায়ের ১৩১ নম্বর ওয়ার্ডের দেখভালের দায়িত্ব দেন তার স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে। সঙ্গে মেয়র পারিষদ (শিক্ষা) অভিজিৎ মুখোপাধ্যায় ও প্রাক্তন কাউন্সিলার অঞ্জন দাসকে তাঁর সহযোগী হিসেবে কাজ করতে নির্দেশ দেন। বেহালা তৃণমূল কর্মীর মহলে গুঞ্জন আগামী নির্বাচনে ১৩১ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের প্রতীকে দাঁড়াবেন রত্না। প্রসঙ্গত, শোভন রত্নার ডিভোর্স মামলা আদালতে বিচারাধীন। বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে উভয়ের মুখ দেখাদেখি নেই দুই বছরেরও বেশি সময় হল। এই পর্বে শোভনের বদলে রত্নার পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস। যেই কারণে দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে শোভনের। মেয়র পদের সঙ্গে ছেড়েছেন রাজ্যের মন্ত্রীর দায়িত্বও। বেহালায় তাঁর ছেড়ে যাওয়া ১৩১ নম্বর ওয়ার্ডের দায়িত্ব এখন থেকেই রত্নাকে দিলেন মমতা। শোভন চট্টোপাধ্যায় ছাড়া এদিনের বৈঠকে আসেননি বোরো চেয়ারম্যান মানিক লাল চট্টোপাধ্যায় ও বোর্ডের চেয়ারম্যান ইন্দ্রজিৎ ভট্টাচার্য। উভয়ই ব্যক্তিগত কারণ দেখিয়ে এদিনের বৈঠকে আসেননি। তৃণমূল সূত্রের দাবি এই দুই কাউন্সিলরও তাদের সঙ্গে রয়েছেন। আগামী পৌর নির্বাচনে তাদেরই টিকিট দেবে তৃণমূল। বাদ যাবেন কেবলমাত্র শোভন চট্টোপাধ্যায়!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news