নীল রায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) থেকে ভাইফোঁটা নিয়ে আসার পর এবার সরকারি অনুষ্ঠানে দেখা গেল শোভন-বৈশাখীকে ! শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ২৫তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে হাজির ছিলেন কলকাতার প্রাক্তন মেয়র ও তাঁর বান্ধবী। রাজনৈতিক মহলের মতে, শোভন চট্টোপাধ্যায় (Shovan Chatterji) যে আবার স্বমহিমায় তৃণমূলে ফিরছেন তা এখন দিনের আলোর মতো স্পষ্ট। কারণ ভাইফোঁটা নিতে যাওয়ার ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্কের অজুহাত খাড়া করলেও, এদিনের চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের আমন্ত্রণ গ্রহণ করে শোভন-বৈশাখী নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন গেরুয়া শিবিরের কাছে।
তবে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে যাওয়ার পরেও, শোভনের প্রতি কোনও বিরূপ মনোভাব দেখায়নি রাজ্য বিজেপি (BJP) নেতৃত্ব। সূত্রের খবর, তৃণমূল ভবনে আয়োজিত বৃহস্পতিবারের বৈঠকেও ডাক পেয়েছিলেন শোভন। কৌশলগতভাবে সেখানে না গেলেও, বৈঠকের দিন সকালে তৃণমূল নেত্রীকে সরাসরি ফোন করেন শোভন চট্টোপাধ্যায়। সূত্রের খবর, দিন কয়েক পরেই নিজের গোলপার্কের বাড়িতে সাংবাদিক সম্মেলন করে বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) ফেরার কথা ঘোষণা করবেন বলে দিদিকে জানিয়েছেন কানন। প্রত্যাবর্তনের বার্তা হিসেবেই এদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বান্ধবী বৈশাখীকে নিয়ে হাজির হন শোভন।
তৃণমূলের একটি অভ্যন্তরীণ সূত্র জানাচ্ছে, আগামী সপ্তাহেই তৃণমূলে যোগ দিচ্ছেন শোভন চট্টোপাধ্যায় ও অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Boishakhi Banerjee)। বৃহস্পতিবারের তৃণমূল ভবনে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত দিয়েছেন। মনে করা হচ্ছে দলে ফিরেই আবার ও মন্ত্রিত্ব পাবেন শোভন। নবান্নের একটি সূত্র জানাচ্ছে, স্নেহের কাননের জন্য আবাসন দপ্তর তৈরি রেখেছেন দিদি!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news