নীল রায়।
বামেদের নবান্ন অভিযানে তাদের ছাত্র-যুব কর্মীদের ওপর পুলিশের বেপরোয়া লাঠিচার্জের ঘটনার তীব্র নিন্দা করলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র। শুক্রবার সন্ধ্যায় এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, “আজ বামপন্থী ছাত্র-যুব কর্মীদের গণতান্ত্রিক আন্দোলনের উপর রাজ্য সরকারের নির্দেশে পুলিশ – প্রশাসন যেভাবে ঘৃণ্য আক্রমণ নামিয়ে আনলো, আমরা তার তীব্র নিন্দা করি।” তিনি আরও বলেন, “এই ঘটনা আরো একবার প্রমাণ করে দিলো যে,এ রাজ্যে সাধারণ মানুষ এবং বিরোধী রাজনৈতিক দলগুলির গণতান্ত্রিক কণ্ঠ আজ রুদ্ধ করে দিতে উদ্যত হয়েছে এ রাজ্যের সরকার।”
বামফ্রন্টের ছাত্র-যুবদের উপর আক্রমণকে গণতন্ত্রে আঘাত বলেই তিনি ব্যাখ্যা করেছেন। সোমেনের কথায়, “এমন এক অগণতান্ত্রিক পরিবেশ আজ এ রাজ্যে সৃষ্টি হয়েছে যে, যে বা যারা এ রাজ্যের শাসক তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, তাদেরই কণ্ঠ রোধ করার চক্রান্ত করা হচ্ছে।” তিনি আরও বলেন, “যে সমস্ত বামপন্থী ছাত্র – যুব কর্মী আজ গণতন্ত্র রক্ষার লড়াই করতে গিয়ে আক্রান্ত হলেন আমরা তাঁদের সেই আন্দোলনকে নৈতিক ভাবে সমর্থন করি, এ লড়াইয়ে আমরাও তাঁদের পাশে আছি।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news