ওয়েব ডেস্ক:
ধারাবাহিক বিস্ফোরণের আগে চলতি মাসের গোড়ায় শ্রীলঙ্কায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে খতম করতে চেয়েছিল শ্রীলঙ্কার জঙ্গিরা। সংবাদসংস্থা সিএনএনের মতে, গত ৪ এপ্রিল ভারতের হাইকমিশন অফিসে হামলার ছক ছিল শ্রীলঙ্কায় জঙ্গিহানার মাস্টারমাইন্ড জহরান হাশিমের। সূত্রের খবর, সাংগ্রি লা হোটেল আত্মঘাতী হামলা সহ গোটা ঘটনার পেছনে রয়েছে এই ইসলামী চরমপন্থী মৌলভী। প্রসঙ্গত, গত রবিবার শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ২৯০ জন নিহত হন। আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ। এরপরই প্রকাশ্যে আসে এই জঙ্গির নাম।
উল্লেখ্য, মৌলভী জহরান হাশিম একজন চরমপন্থী ইমাম। এ হামলায় তার জড়িত থাকার বিষয়ে দাবি করছে ইসরায়েলি মিডিয়া জেরুজালেম পোস্টও। জানা গিয়েছে মৌলভী জহরান হাশিম শ্রীলঙ্কার ন্যাশনাল তৌহিদ জামায়াত দলের অন্যতম প্রচারক। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি মাসের গোড়ার দিকে কলম্বোতে ভারতীয় হাইকমিশনারকেও আক্রমণ করতে চেয়েছিল হাশিম। কিন্তু যে কোনও কারণেই হোক ওই হামলার ছক ব্যর্থ হয়। সংবাদসংস্থাটি আরও জানিয়েছে, ইস্টার সানডেতে বোমা হামলাগুলোর অন্তত দুটি ছিল আত্মঘাতী হামলা।
রবিবারের হামলার ঘটনার পর হাশেমের নাম সোশ্যাল মিডিয়ায় প্রথম উল্লেখ করেন আল-জাজিরার সাংবাদিক সাইফ খালিদ। এর পাশাপাশি জঙ্গিহানার পরে পরেই শ্রীলঙ্কা সরকার তথা প্রশাসন তৌহিদ জামায়াতের বেশ কিছু সদস্যকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news