ওয়েব ডেস্ক:
একটি ভিডিও ফুটেজ শেষ পর্যন্ত বাঁচিয়ে দিল ওঁদের। ২৩ অক্টোবরের সেই ফুটেজে ছিল আর্ত চিৎকার— ‘আমাদের বাঁচান’। ওঁরা ১১ জন নিরীহ শ্রমিক। গত তিন মাস ইরানে নরক যন্ত্রণা সহ্য করেছিলেন। বাংলা থেকে দুটো রোজগারের আশায় ইরানের চাবাহার অঞ্চলে পাড়ি দিয়েছিলেন ২২ জন সোনার কারিগর। যাঁদের অধিকাংশ দেশে তথা রাজ্যে ফিরলেও ১১ জনকে আটকে দেয় ইরানের বেসরকারি সংস্থাটি। তাদের পাসপোর্ট, ভিসা,ভোটার কার্ড বাজেয়াপ্ত করা হয়।
বুধবার সকালে সেই ১১ জনই ফিরলেন দেশের মাটিতে। কলকাতা বিমানবন্দর থেকে ১১টি বিধ্বস্ত মুখকে নিয়ে গেল অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং ইউনিট।
শেষ পর্যন্ত ইরানে ভারতীয় দূতাবাসের হস্তক্ষেপে দেশে ফিরতে পারলেন ১১ বাঙালি।
উল্লেখ্য, ইরানের ‘লিপারটালা’ নামে একটি বেসরকারি সংস্থার হয়ে কাজ শুরু করেন ২২ জন বাঙালি শ্রমিক। এক মাসের মধ্যেই কাজ না জানার কারণে বেশ কিছু শ্রমিককে দেশে ফেরত পাঠিয়ে দেয় সংস্থা। ১১ জনকে রেখে দেওয়া হয়।
ইরানের মুদ্রার দাম পড়তির দিকে বলে কারিগরদের দেশে ফেরানো হচ্ছিল বলে খবর। টাকার অভাবের কারণ দেখিয়ে ওই ইরানি সংস্থা ১১জনকে দেশে ফেরার অনুমতি দিচ্ছিল না । ফেরার আশা কমতে থাকায় ভিডিও কল, ভয়েস মেসেজে নিজেদের দুঃসহ পরিস্থিতির কথা জানাতে থাকেন কারিগররা।
বুধবার ওই শ্রমিকরা জানালেন, গত ২০ দিন কার্যত অভুক্ত ছিলেন। পানীয় জলও দেওয়া হয়নি তাঁদের। একটা ঘরে ঠেসেঠুসে থাকতে হত। এদিকে তিন মাস বেতন বন্ধ। ফলে কিছু কিনে খাওয়ার ক্ষমতা ছিল না। এছাড়া, অনুপ্রবেশকারী সন্দেহে তাঁদের গ্রেফতার করবে ইরান পুলিশ এই ভয়ও ছিল।
যদিও শেষ পর্যন্ত প্রাণ নিয়ে ফিরতে পেরেছেন তাঁরা। ১১ জনের বেশিরভাগই হুগলি, হাওড়া ও বীরভূমের বাসিন্দা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news