চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
বাংলা জনপ্রিয় ধারাবাহিকগুলির নতুন এপিসোড টিভির পর্দায় আসার অপেক্ষায় প্রহর গুনছেন দর্শকরা। কিন্তু, টলিউডের যাবতীয় শুটিং আপাতত বন্ধ থাকবে বলেই জানা গিয়েছে। ঠিক ছিল ১০ জুন থেকে বাংলা টিভি সিরিয়ালেরর শুটিং শুরু হবে। স্বাস্থ্যবিধি মেনে শুটিং শুরুর অনুমতি দিয়েছিল রাজ্য সরকার। বয়স্ক ও শিশুদের শুটিংয়ে অনুমতি দেয়নি তারা। শর্তসাপেক্ষে লকডাউন পরবর্তী সময়ে শুটিং শুরু ছিল সময়ের অপেক্ষা। শুটিং শুরুর আভাস পেয়েই টিভি চ্যানেলগুলোতে ১৫ জুন থেকে নতুন এপিসোড সম্প্রচারের বিজ্ঞাপন শুরু হয়ে গিয়েছে পুরোদমে। কিন্তু মঙ্গলবার দিনভর দফায় দফায় বৈঠকের পরে গভীর রাতে নতুন করে অচলাবস্থা তৈরি হল টলিউডে (Tollywood)। আর্টিস্ট ফোরামের (Artist Forum) পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, যতক্ষণ না পর্যন্ত শিল্পীদের নভেল করোনা ভাইরাসের সংক্রমণের অসুখ সংক্রান্ত বিমার কাগজ তাঁরা হাতে পাবেন ততক্ষণ পর্যন্ত কোনও শিল্পী শুটিংয়ে অংশ নেবেন না।
বুধবারের পরিবর্তে কবে থেকে শুটিং শুরু হবে তা নিয়েও তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। চ্যানেল, প্রযোজক এবং ফেডারেশনের আগামীকাল থেকে শুটিং শুরুর করার সম্পূর্ণ ইচ্ছে থাকলেও, শুধুমাত্র ফোরামের আপত্তির কারণেই শুটিং করতে পারবেন না বলেই জানিয়েছেন, প্রোডিউসারস গিল্ড। আচমকাই শেষ মুহূর্তে এমধ সিদ্ধান্তে বিভিন্ন চ্যানেল কর্তৃপক্ষ বেজায় চটেছে আর্টিস্ট ফোরামের ওপর। স্টুডিও স্যানিটাইজ করা শেষ, আর্টিস্টরাও কলটাইম পেয়ে গিয়েছেন, তা সত্ত্বেও হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেওয়ায় ফোরামের ওপর খাপ্পা চ্যানেল কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, ৪ জুন পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাসের (Arup Biswas) নেতৃত্বে বৈঠকে স্থির হয়েছিল, শিল্পীদের করোনা সংক্রান্ত বিমায় ৫০% অর্থ দেবে রাজ্য সরকার, প্রযোজনা সংস্থা দেবে ৪০% এবং ১০% দেবে ফোরাম। মৌখিক স্তরে সিদ্ধান্ত নেওয়া হলেও ফোরামের অভিযোগ এ নিয়ে লিখিত কিছু পাননি তাঁরা। বিমার কাগজ তৈরি করতে সময় লাগে বেশ কিছু দিন। এত জন শিল্পী, তাঁদের কারা কারাই বা বিমায় আওতায় পড়বেন, তা হিসেবেও সময়সাপেক্ষ। তবে ফোরামের যুক্তি, যত দিন না লিখিত কোনও কাগজ আসছে, তার মধ্যে যদি কোনও আর্টিস্ট করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়ে মারা যান সেক্ষেত্রে তিনি যে বিমার অন্তর্ভুক্ত হবেন সে বিষয়ে নিশ্চয়তা কী ? এছাড়াও আরো বেশ কিছু দাবি-দাওয়া নিয়ে বিশবাঁও জলে টালিগঞ্জের স্টুডিও পাড়ার শুটিং। আর তাই অপেক্ষারত দর্শককূলকেও তাদের প্রিয় ধারাবাহিকের নতুন এপিসোডের দেখা পেতে অপেক্ষা করতে হবে আরও কয়েক মাস। কারণ প্রোডিউসার গিল্ড, আর্টিস্ট ফোরাম ও রাজ্য সরকারের মধ্যে যে সমস্যা তৈরি হয়েছে। সেই জট এত সহজে খুলবে না বলেই মনে করছে টলিপাড়ার একাংশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news