সঞ্জয় সরকার:
শেষ পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতির পদ থেকে সরিয়েই দেওয়া হল তৃণমূল নেত্রীর ‘আদরের’ কাননকে। সূত্রের খবর, শুক্রবার শোভন চট্টোপাধ্যায়কে দলের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। নতুন জেলা সভাপতি করা হয়েছে তৃণমূল সাংসদ শুভাশিষ চক্রবর্তীকে। প্রসঙ্গত আগেই শোভন চট্টোপাধ্যায়ের দায়িত্ব কমিয়ে দেওয়া হয়েছিল। পঞ্চায়েত ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনা জেলার তৃণমূলের টিকিট দেওয়ার দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছিল শুভাশিষ চক্রবর্তী ও অঞ্জন দাসের মধ্যে, যদিও খাতায় কলমে শোভনই ছিলেন জেলার সভাপতির দায়িত্বে। তবে শোভনের সেই দায়িত্বও কেড়ে নেওয়া হল। শোভন তাঁর পারিবারিক বিবাদের কারণে তৃণমূল নেত্রীর বিরাগভাজন হয়েছেন বেশকিছুদিন হল। শোনা যায় মন্ত্রীসভার বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছ থেকে মুখঝামটা খাওয়ার পর মন্ত্রীত্ব ও দল থেকে পদত্যাগ করতে চেয়ে দিদিকে চিঠি দিয়েছিলেন কানন। তখন অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় সেই চিঠি গ্রহণ না করে ‘ভাইকে’ মন দিয়ে কাজ করার কথা বলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত জেলা সভাপতির দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়া হল। শোনা যাচ্ছে, শোভনকে জেলা সভাপতির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে ‘ভাইপো’ অভিষেকের মতামত অনেকাংশে কাজ করেছে। যদিও তৃণমুল কংগ্রেসের পক্ষ থেকে এই বিষয়ে সরকারিভাবে এখনও কিছু স্বীকার করা হয়নি। এদিকে শুভাশিষ চক্রবর্তীও তাঁর নতুন দায়িত্বপ্রাপ্তি নিয়ে কিছু খোলসা করেননি। এখন দেখার বিষয় এটাই যে, জেলা সভাপতির পদ থেকে অপসারণের পর মন্ত্রীত্বের পদ থেকে শোভন নিজেই সরে যান কি না!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news