চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
মধ্যপ্রদেশে আটকে থাকা পরিযায়ীদের ফিরিয়ে দিতে পশ্চিমবঙ্গ সরকারের দ্বারস্থ হলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)। রবিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি লিখে এ বিষয়ে আবেদন করেছেন তিনি। মধ্যপ্রদেশের মামাজী কলকাতার দিদিকে চিঠি লিখে আবেদন জানিয়েছেন, ইন্দোরে আটকে থাকা পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ফেরাতে যেন রেল মন্ত্রণালয়কে অনুরোধ করে ট্রেনের ব্যবস্থা করেন বাংলার মুখ্যমন্ত্রী। মূলত মালদহ, মুর্শিদাবাদ ও দুই দিনাজপুরের কয়েকশো নির্মাণ শ্রমিক আটকে রয়েছেন ইন্দোরে। তারা বাড়ি ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কিন্তু, পশ্চিমবঙ্গ সরকার অনুমতি তথা আবেদন না জানালে রেল ইন্দোর থেকে ট্রেন বরাদ্দ করতে পারছেনা। তাই বাধ্য হয়েই শিবরাজ সিং চৌহান এই চিঠি লিখতে বাধ্য হয়েছেন।

মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান চিঠি লিখে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও জানিয়েছেন, ইন্দোর আটকে রয়েছে বাংলার বহু শ্রমিক। তাঁরা ঘরে ফিরতে চান। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেন রেল মন্ত্রকের (Railway Ministry) কাছে আবেদন জানিয়ে ইন্দোর-কলকাতা ‘শ্রমিক স্পেশ্যাল’ ট্রেনের ব্যবস্থা করে দেন। তাহলে নিশ্চিন্তে ওই অসহায় শ্রমিকরা বাড়ি ফিরতে পারবেন। সম্প্রতি পরিযায়ী শ্রমিকদের ফেরাতে ১০৫টি ট্রেনের বন্দোবস্ত করেছে রাজ্য সরকার। কিন্তু, দেশের বিভিন্ন প্রান্তে যে বিপুল পরিমাণ পরিযায়ী শ্রমিক আটকে রয়েছে, তাদের জন্য ১০৫টি ট্রেন যথেষ্ট নয় বলেই মনে করছে পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দলগুলি। প্রসঙ্গত, করোনা ভাইরাসের সংক্রমণে জেরবার ইন্দোর। তাই এমন পরিস্থিতিতে রাজ্য সরকার আদৌ ওই শ্রমিকদের ফেরাতে সচেষ্ট হবেন কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে প্রশাসনিক মহলে।
সিপিএমের (CPM) শ্রমিক সংগঠন সিটুর নেতা আসাদুল্লাহ গায়েনের মতে, আমরা মোটামুটি একটা হিসেবে করে দেখেছি পশ্চিমবঙ্গের ৪০ লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে আটকে রয়েছে। ১০৫টি ট্রেনে মাত্র দেড় লক্ষ শ্রমিকরা ফিরে আসতে পারবেন। তাই আগামী একমাস ধরে রাজ্য সরকার যে ১০৫টি ট্রেনে পরিযায়ী শ্রমিকদের ফেরানোর কথা বলছেন। তা পর্যাপ্ত নয়। এ প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার ফরওয়ার্ড ব্লক (Forward Bloc) বিধায়ক আলী ইমরান রামজ বলেছেন, “রাজ্য সরকার যে পরিমাণ ট্রেনের বন্দোবস্ত করেছে। তাতে ভালো করে একটি জেলার সব পরিযায়ী শ্রমিকদের ফেরানো যাবে না। তাই রাজ্য সরকারের উচিত আগামী কয়েক দিনে রেল মন্ত্রণালয়ের কাছে রাজ্যের জন্য একাধিক ট্রেনের আবেদন করা।” মালদহের হবিবপুরের বিজেপি (BJP) বিধায়ক জুয়েল মুর্মু বলেছেন, “প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর পরিমাণে বিভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের ফোন পাচ্ছি। মালদহ জেলা থেকেই কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে আটকে রয়েছেন। রাজ্য সরকার যদি এমন পরিস্থিতিতে ঠুঁটো জগন্নাথে বসে থাকে, তাহলে আমাদের মতো বিরোধী দলের জনপ্রতিনিধিদের অবস্থাও অসহায় মানুষের মতোই। যাদের শ্রমিকদের ফেরানো ইচ্ছে তো রয়েছে, কিন্তু উপায় নেই।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news