ওয়েব ডেস্ক:
প্রয়াত দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। বয়স হয়েছিল ৮১ বছর। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শনিবার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান কংগ্রেস নেত্রী।
হৃদস্পন্দন জনিত সমস্যার কারণে শুক্রবার তাঁকে ভর্তি করা হয় দিল্লির একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই জীবনাবসান হল তাঁর। গত বছর ফ্রান্সে শীলা দীক্ষিতের হার্ট অপারেশন হয়।
উল্লেখ্য, দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন দীর্ঘদিন। মোট তিনবার নির্বাচিত হয়েছেন মুখ্যমন্ত্রী পদে। ১৫ বছর দায়িত্ব সামলেছেন শীলা দীক্ষিত। এছাড়াও এক দফায় কেরলের গভর্নরও ছিলেন তিনি।
শীলা দীক্ষিতের মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। ট্যুইটারে শোকবার্তা জানিয়েছেন বহু নেতা-নেত্রী। দল হিসেবে কংগ্রেস তাদের শোকবার্তায় লিখেছে, ‘আজীবন কংগ্রেসনেত্রী তিনি, দিল্লির তিনবারের মুখ্যমন্ত্রী। দিল্লিকে কার্যত বদলে দিয়েছিলেন তিনি।’ শীলা দীক্ষিতের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অরবিন্দ লিখেছেন, ‘শীলা দীক্ষিতের অবদান মানুষ চিরকাল মনে রাখবে।’
এইসঙ্গে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সঙ্গে শীলা দীক্ষিতের সাক্ষাতের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘শীলা দীক্ষিতের চলে যাওয়ার খবরে আমি মর্মাহত। দিল্লির উন্নয়নে তাঁর অবদান অনেক।’ শীলা দীক্ষিতকে স্মরণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যক্তিগত সম্পর্কের কথা বলে শোকপ্রকাশ করেছেন রাহুল গাঁধী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news