নীল রায়।
শান্তিপুরে (Shantipur) পুরোহিত খুনের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার নবমীর রাতে ঠাকুর দেখতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন শান্তিপুরের বাসিন্দা সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়। রাতেই বাড়ি ফিরবেন বলে জানিয়ে গেলেও, আর বাড়ি ফেরা হয়নি তাঁর। প্রায় আড়াই দিন নিখোঁজ থাকার পর, বাড়ির কাছাকাছি একটি বিলের মধ্যে থেকে উদ্ধার হল তার দেহ। যা দেখে মৃতর বাড়ির লোকজনের অভিযোগ, দুষ্কৃতীরা খুন করেছে তাঁকে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার বাগআঁচড়া গ্রাম পঞ্চায়েতের বাগদেবীতলা এলাকায়। ওই ব্যক্তিকে দলীয় কর্মী বলে দাবি করেছে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীরা ওই ব্যক্তিকে খুন করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় বাগদেবীতলা মন্দিরে তিনি পৌরহিত্য করতেন। নবমীর রাতে তিনি একাই ঠাকুর দেখতে যাবেন বলে বাড়ির লোকজনকে জানিয়েছিলেন। সেইমতো বাড়ি থেকে বেরিয়ে যান। স্কুটি চালিয়ে বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে লক্ষ্মীনাথপুরে ঠাকুর দেখতে গিয়েছিলেন তিনি। রাতেই বাড়ি ফিরে আসার কথা ছিল। কিন্তু রাত পেরিয়ে গেলেও সুপ্রিয় বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার সকালে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের গাফিলতির অভিযোগ তুলে এবং দোষীদের গ্রেপ্তারির দাবিতে মৃতদেহ আটকে রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকেও। বেশ কয়েক ঘন্টা পর পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।
এদিন নিহত সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার (BJP MP Jaggannath Sarkar)। তিনি মৃত পুরোহিত সুপ্রিয় বন্দোপাধ্যায়ের মা ও তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন। জগন্নাথ সরকার অভিযোগ করে বলেন, “আমাদের দলের একনিষ্ঠ কর্মী সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস-আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে খুন করেছে। খুনের পর মৃতদেহ এক জায়গা থেকে নিয়ে এসে আরেক জায়গায় ফেলা হয়েছে। প্রমাণ গায়েব করার চেষ্টায় সহযোগিতা করেছে পুলিশ। আমাদের দলের কর্মী খুনের ঘটনার প্রকৃত তদন্ত করে অবিলম্বে দোষীদের কঠোর শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি। সঙ্গে পুলিশের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি।” যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, “পুলিশ তদন্ত করে দোষীদের অবিলম্বে গ্রেফতার করুক!”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news