নীল রায়।
রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) বিরুদ্ধে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে নালিশ জানিয়েছেন জজ পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। মঙ্গলবার বিধানসভায় এক প্রশ্নের উত্তরে একথা জানান তিনি। বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “দেরাদুনে অল ইন্ডিয়া স্পিকার কনফারেন্সে আমি আমাদের কাজের সুবিধা অসুবিধার কথা জানিয়েছি।” এরপরই তিনি বলেন, “আমাকে বিধানসভার অধিবেশন কদিন বন্ধ রাখতে হয়েছিল। কেন রাখতে হয়েছিল তাও আমি জানিয়েছি। সেক্ষেত্রে আমাদের রাজ্যের রাজ্যপালের ভুমিকা কী ছিল, তাও জানিয়েছি স্পিকারকে।”
তিনি যে বিষয়টি স্পিকার ওম বিড়লাকে লিখিত ভাবে জানিয়েছেন, তাও এদিন স্পষ্ট করে দেন। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন আচমকাই দুদিনের জন্য স্থগিত হয়ে যায়। জানা গিয়েছিল, রাজ্য সরকারের আনা এসসি/এসটি বিল আটকে রেখে বিধানসভা স্থগিত করে দিয়েছেন রাজ্যপাল। কিন্তু, পরবর্তী সময়ে রাজভবন থেকে বিবৃতি দিয়ে বলা হয়, বিল প্রসঙ্গে বেশকিছু বিষয় রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছিলেন রাজ্যপাল। কিন্তু, রাজ্য সরকার সেই সমস্ত প্রশ্নের উত্তর না দেওয়ায় বিলে ছাড়পত্র দিতে পারেননি তিনি।
কিন্তু, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় যে বিষয়টি নিয়ে সরাসরি লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে নালিশ জানাবেন তা ভাবেনি কোনওপক্ষই ! সম্প্রতি রাজভবনে এসেছিলেন লোকসভার স্পিকার। বিমান বন্দ্যোপাধ্যায় আশা প্রকাশ করেন, সেই সাক্ষাৎকারে হয়তো তাঁর অভিযোগ নিয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলেছেন ওম বিড়লা (Om Birla)।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news