চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
জনতা কারফিউয়ের (Janata Carfew) পরের দিন থেকেই বন্ধ হয়ে গেছে রেল পরিষেবা। যেটুকু ট্রেন চলছে তা বেশির ভাগই পণ্যবাহী ট্রেন নতুবা শ্রমিক স্পেশ্যাল ট্রেন। অর্থাৎ সেই ভাবে প্যাসেঞ্জার দেখতে পাওয়া যায়নি বিগত সাড়ে তিন মাসের কাছাকাছি। বলা ভালো, এখনও প্রায় দেড় মাস দেখতে পাওয়া যাবে না নিত্যযাত্রীদের। বা তথাকথিত রেলযাত্রীদের। এই সময়টাতে রেলের যাবতীয় খুঁটিনাটি কাজ সেরে রাখছে রেল দপ্তর। যেরকম স্টেশনগুলি পরিষ্কার-পরিচ্ছন্ন হচ্ছে, ঠিক সেরকমই বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা।
এরকমই এক মহৎ কাজ সম্পন্ন হতে চলেছে এবার। শিয়ালদহ স্টেশনের দীর্ঘদিনের এক অধ্যায় এবার বদলাতে চলেছে। শিয়ালদহ স্টেশনের প্ল্যাটফর্মের নম্বরের বদল ঘটানো হচ্ছে এবার। অর্থাৎ বদলে যেতে চলেছে বেশ কিছু প্ল্যাটফর্মের নম্বর। এতদিন শিয়ালদহ স্টেশনে দেখা যেত সিরিজ ভিত্তিক নম্বর। এবার সেই সিরিজ তো থাকবে কিন্তু ক্রমানুযায়ী। একটু খোলসা করে বলা যাক বিষয়টা।
এই বদলের জেরে এখন শিয়ালদহ উত্তর ও দক্ষিন শাখা মিলিয়ে মোট প্ল্যাটফর্মের সংখ্যা দাঁড়াচ্ছে ২১। এবার থেকে ১এ চিহ্নিত হবে ১ নম্বর প্ল্যাটফর্ম হিসাবে আর ১ নম্বর প্ল্যাটফর্ম চিহ্নিত হবে ১এ হিসাবে। ২, ৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্মের নম্বর অপরিবর্তিত থাকছে। ৪এ চিহ্নিত হচ্ছে ৫ নম্বর প্ল্যাটফর্ম হিসাবে ও ৫ নম্বর প্ল্যাটফর্ম চিহ্নিত হল ৬ নম্বর প্ল্যাটফর্ম হিসাবে। এই হিসাবেই ৬ হল ৭, ৭ হল ৮, ৮ হল ৯ এবং ৯ হল ১০ নম্বর প্ল্যাটফর্ম। ৯সি এবার থেকে চিহ্নিত হবে ১১ নম্বর প্ল্যাটফর্ম হিসাবে। একই ভাবে ৯বি হল ১২, ৯এ হল ১৩ ও ৯ডি হল ১৪ নম্বর প্ল্যাটফর্ম। এই ১ থেকে ১৪ এই প্ল্যাটফর্ম গুলি থাকছে শিয়ালদহ (Sealdah) উত্তর শাখায়। বাকি ১৫ থেকে ২১ থাকছে শিয়ালদহ দক্ষিন শাখায়।
এক্ষেত্রে কিছু প্ল্যাটফর্মের নম্বর যেমন বদলে যাচ্ছে তেমনি বেশ কিছু প্ল্যাটফর্মের নম্বর একই থাকছে। মূলত সিরিজ তুলে দিয়ে তা নম্বরে পর্যবাসিত করা হচ্ছে যাতে যাত্রীরা চট করে বুঝে যেতে পারেন। ইতিমধ্যেই শিয়ালদহ স্টেশনে প্ল্যাটফর্মের নতুন নম্বর দেওয়া ইলেক্ট্রনিক্স ডিসপ্লে বোর্ডেও এই ব্যবস্থা জারি হয়ে গিয়েছে। আর প্যাসেঞ্জার ট্রেন চালু হলে তা ক্রমাগত ঘোষণা করে যাত্রীদের জানানো হবে বলেও পূর্ব রেল সূত্রে খবর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news