নীল রায়।
পানিহাটির কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুরুলিয়া (Purulia) জেলার পুলিশ। বৃহস্পতিবার রাতে আচমকাই তাঁর বাড়িতে হানা দেয় ৫০-৬০ জনের একটি পুলিশের দল। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, চাঁচাছোলা ভাষায় রাজ্য সরকারের অপকর্মের সমালোচনা করাতেই গ্রেফতার করা হয়েছে তাদের নেতাকে। এ প্রসঙ্গে রাতেই কড়া বিবৃতি দিয়েছেন প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি সোমেন মিত্র ও কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী। প্রসঙ্গত, সন্ময় বন্দোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে নানা ইস্যুতে সরব হতেন। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় সেই সমালোচনা সহ্য করতে না পেরেই তৃণমূল কংগ্রেস (TMC) তাঁর বিরুদ্ধে পুলিশ-প্রশাসনের অপব্যবহার করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্য কংগ্রেসের মুখপাত্র সন্ময় বন্দ্যোপাধ্যায়ের সোদপুরের বাড়িতে প্রায় ৫০-৬০ জন পুলিশ এসে তুলে নিয়ে যায়। পরে স্থানীয় থানা থেকে খবর পাওয়া যায় যে পুরুলিয়া থেকে পুলিশ এসে তাঁকে নিয়ে গিয়েছে। এ প্রসঙ্গে সোমেন মিত্র (Somen Mitra) অভিযোগের সুরে বলেন, “সন্ময় রাজ্য সরকারের বিরুদ্ধে তাঁর মত ব্যক্ত করত। যারা নিজেদের গণতান্ত্রিক বলে দাবি করে, সেই সরকার এতটাই অসহিষ্ণু যে তাঁদের নীতির সমলাচনা করলে রাত্রি বেলা পুলিশ এসে সন্ত্রাসবাদীদের মত তুলে নিয়ে যায়।” তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীকে চিঠি লিখলে অপর্ণা সেনদের বিরুদ্ধে এফআইআর হয়, আর এখানেও রাজ্য সরকারের সমালোচনা করলে সমালোচককে পুরুলিয়ায় তুলে নিয়ে যাওয়া হয়।” জানা গিয়েছে পুরুলিয়া থানায় তন্ময় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাইবার ক্রাইমের ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে সন্ময় বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে অধীর চৌধুরী (Adhir chowdhry) বলেন, “রাজ্যের কংগ্রেস পার্টির অতি পরিচিত মুখপাত্র ও একজন দক্ষ সাংবাদিক সন্ময় বাবুকে পুলিশ বাড়ি ভেঙে গ্রেফতার করলো শুধুমাত্র এই সরকারের বিরুদ্ধে সমালোচনা করার জন্য।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্দেশ্যে তাঁর আরও বক্তব্য, “‘দিদি’ আপনার এই কুৎসিত আক্রমণ আমাদের দুর্বল করতে পারবে না। প্রতিবাদ জানাচ্ছি এই জঘন্য রাজনৈতিক সন্ত্রাসের, বাংলার কংগ্রেস কর্মীদের পথে নেমে প্রতিবাদ করার আবেদন জানাচ্ছি সন্ময় বাবুকে পুলিশ অপহরণের জন্য। ধিক ‘দিদি’ ধিক ধিক।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news