নীল রায়।
জামিন পেলেন কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায় (Sanmoy Banerjee)। রবিবার পুরুলিয়া জেলা আদালত তাঁর জামিন মঞ্জুর করেছে। কংগ্রেসের অন্যতম মুখপাত্র সন্ময় বন্দ্যোপাধ্যায়কে ২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল পুরুলিয়া জেলা আদালত। ওইদিন বিচারক রিম্পা রায় ২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন তাঁকে। খারিজ হয়ে গিয়েছে সন্ময় বন্দোপাধ্যায়ের জামিনের আবেদন। কিন্তু রবিবার আদালত তাঁর জামিন মঞ্জুর করে। জামিন পাওয়ার পর তাঁকে পুরুলিয়া জেলা কংগ্রেসের পক্ষ থেকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। সতীর্থদের এমন সংবর্ধনায় কান্নায় ভেঙে পড়েন সন্ময়।
বৃহস্পতিবার রাতে খড়দহ থানার আগরপাড়া ইলিয়াস রোডের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে পুরুলিয়া জেলা পুলিশ। পুরুলিয়া (Purulia) জেলার সাইবার ক্রাইম শাখার বিশেষ দল এই বিষয়ে তদন্ত করছে। গত ২৩ সেপ্টেম্বর পুরুলিয়ার সাইবার ক্রাইম থানায় সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তৃণমূল যুব কংগ্রেসের পুরুলিয়া জেলার কার্যকরী সভাপতি প্রণব দেওঘরিয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তাঁর ভাইপো সাংসদ তথা যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর ও ভিত্তিহীন বক্তব্যের অভিযোগ আনা হয় সন্ময় বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে। তার ভিত্তিতেই পুরুলিয়া জেলা পুলিশের সাইবার ক্রাইম শাখা এই কংগ্রেস নেতাকে গ্রেফতার করে।
দলীয় নেতার জামিন মঞ্জুর হওয়ার পর প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র (Somen Mitra) বলেন, “সত্যের জয় হল। পুরুলিয়া কোর্টের মাননীয় বিচারক কংগ্রেসের মুখপাত্র সন্ময় ব্যানার্জীর জামিন মঞ্জুর করেছেন। আমরা প্রথম থেকেই আদালতের উপর ভরসা রেখেছিলাম।” তিনি আরও বলেন, “সন্ময়ের উপর যেভাবে পুলিশের সঙ্গে তৃণমূলের দুষ্কৃতীরা আক্রমণ করেছিল তাঁদের বিরুদ্ধে আইনের পথে দল লড়বে এর সঙ্গেই রাজ্য সরকারের হাতে গণতন্ত্র হত্যার বিরুদ্ধে বামপন্থী দলগুলির সঙ্গে একসাথে সারা রাজ্যে পথে নেবে লড়াই হবে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news