সংগ্রাম মুখোপাধ্যায় : 
২০০৯–১০ মরশুমে আমরা যেবার চ্যাম্পিয়ন হয়েছিলাম, আমাদের সেই টিমে ভারসাম্য ছিল, এবারের টিমেও রয়েছে। সব পজিশনে ফুটবলাররা নিজের দায়িত্ব পালন করেছে। বিশেষ করে পিন্টু মাহাতো ছেলেটির আলাদা করে প্রশংসা করতেই হয়। ডার্বিতে দুরন্ত। এছাড়াও সৌরভ দাসও ভাল খেলেছে। কলকাতা লিগ থেকে বাঙালি ফুটবলাররা উঠে এলে মন ভাল হয়ে যায়।
যেবার আমরা চ্যাম্পিয়ন হলাম, ব্যারেটো টিমটাকে দারুণ নেতৃত্ব দিয়েছিল। ও বরাবরই প্রকৃত নেতা। আমার এখনও মনে রয়েছে, প্রত্যেক ম্যাচের শেষে ড্রেসিংরুমে টিম মিটিং করতাম, কোন্ কোন্ জায়গায় ভুল হয়েছে তা নিয়ে আলোচনা চলত। পরের ম্যাচে যেন একই ভুল না হয়, সেদিকে নজর রাখতাম। সেবার লিগ জিতলে ঘরোয়া লিগ জয়ের হ্যাটট্রিক হত, সেটা আরও বেশি করে আমাদের তাতিয়ে দিয়েছিল। অধিনায়ক হিসেবে লিগ জয়ের হ্যাটট্রিক আমাকে তৃপ্তি দিয়েছিল।
আমাদের ড্রেসিংরুমের পরিবেশ অনবদ্য ছিল। যা শুনেছি, এবারের টিমেরও তাই। শঙ্করদা (শঙ্করলাল চক্রবর্তী, মোহনবাগান কোচ) ড্রেসিংরুম দারুণ সামলান। খুব ঠান্ডার মাথার লোক। ম্যান ম্যানেজমেন্টে দক্ষ। সঞ্জয়দার (সঞ্জয় সেন) পরে যেভাবে মোহনবাগানে কোচিং করাচ্ছে, প্রশংসা করতেই হয়। এই লিগ জয়ের জন্য শঙ্করদাকে আরও একবার ধন্যবাদ জানাতে চাই। টানা আট বছর লিগ জিতেছে ইস্টবেঙ্গল। ঘরোয়া লিগ না পেয়ে বাগান সমর্থকরা আপশোস করত। তাদের সেই আক্ষেপ ঘুচল। মনে করি, ঘরোয়া লিগ জয়ের আনন্দ আলাদা। এবার নিজেদের মাঠে লিগ জিতল মোহনবাগান। আমাদের েসই বছর আমরা মোহনবাগান মাঠে চ্যাম্পিয়ন হয়নি। সল্টলেক স্টেডিয়ামে জিতেছিলাম। সে বছর তিনজন কোচ দায়িত্ব সামলেছিলেন। প্রথমে করিম বেঞ্চারিফা, চার ম্যাচের জন্য কোচিং করিয়েছিলেন। চারটে ম্যাচই জিতেছিলাম আমরা। তারপর সত্যদা এলেন। তিনিও চার ম্যাচের মধ্যে ২ জয়, ২ ড্র। শেষে বিশুদার হাত ধরে চ্যাম্পিয়ন।
এখনও মনে আছে, লিগ জয়ের সেলিব্রেশনে চিডি থাকতে পারেননি। রাতে আমাকে ফোন করে সব ঘটনা জেনেছিল। গোল করেই ও উঠে যায়। ওর বিমান ধরার তাড়া ছিল। মাঠ থেকে সোজা বিমাবন্দরে চলে যায় চিডি। ব্যক্তিগত কারণে দেশে ফেরার কথা ছিল। ব্যারেটো আমাদের দারুণভাবে মোটিভেট করত। সে বছর লিগের শুরুতেই চ্যাম্পিয়ন হওযার শপথ নিয়েছিলাম সকলে মিলে। শেষ ম্যাচে চিরাগের (এখন ইউনাইটেড স্পোর্টস) বিরুদ্ধে ডিফেন্সে মঞ্জু দারুণ খেলেছিল। এবারে মত সেবারও লিগ জিতলেও ডার্বি জিততে না পারার আপশোস ছিল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news