নীল রায়।
সঙ্ঘশ্রীর পুজোর দখল করে খুঁটি পুজোতে কার্যত শক্তি প্রদর্শন করল তৃণমূল কংগ্রেস। বিজেপি-তৃণমূল টানাপোড়েনে গত রবিবার বাতিল হয়েছিল খুঁটি পুজোর অনুষ্ঠান। কিন্তু, এক সপ্তাহের মাথায় বাজিমাৎ করে সঙ্ঘশ্রীর পুজোয় হাজির তৃণমূলের রথি মহারথীরা। রবিবার সকালে সঙ্ঘশ্রীর পুজোয় হাজির দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়, বিদ্যুৎমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, মেয়র পারিষদ দেবাশীষ কুমার প্রমুখ। বক্তৃতায় রাজনীতি না আনলেও বিজেপির এহেন পুজো দখলের নীতিকে তেড়ে আক্রমণ করেন তৃণমূলের জনপ্রতিনিধিরা।
বিজেপি নেতা সায়ন্তন বসুকে সভাপতি করে ৭৪তম বর্ষের পুজো চমক দিতে চেয়েছিলেন পুজো কমিটির প্রাক্তন কর্তারা। কিন্তু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নাক বরাবর দূরের পুজোয় বিজেপির দখলদারি মানতে চায়নি তৃণমূল। বিজেপির হাত থেকে সঙ্ঘশ্রীর পুজো ছিনিয়ে আনতে ময়দানে নামেন মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। মূলত তাঁর উদ্যোগেই কমিটি বদল হয়ে বিজেপির হাত থেকে পুজোর রাশ আসে তৃণমূলের হাতে। এদিন খুঁটি পুজোর অনুষ্ঠানে আগাগোড়া কার্তিকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নিজের পাড়ার পুজো কালীঘাট মিলন সংঘকেই বরাবর গুরুত্ব দেন তিনি। কিন্তু, তার বাইরে মুখ্যমন্ত্রীর এই ভাইকে সঙ্ঘশ্রীর খুঁটি পুজোয় দেখা গেল বরকর্তার ভুমিকায়।
বিজেপির পক্ষ থেকে সঙ্ঘশ্রীর পুজো কমিটিকে মোটা টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে দাবি পুজো কমিটির উদ্যোক্তাদের। যার জেরে বাজেট গতবারের তুলনায় প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। তাই খুঁটি পুজোর অনুষ্ঠানে যোগ দিতে এসে পরিস্থিতি সামালাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, মালা রায় ও কার্তিক বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দলীয় নেতাদের নির্দেশ দিয়েছেন শারোদৎসবকে জনসংযোগের মঞ্চ হিসেবে ব্যবহার করতে। তাই নির্দেশ মতই ঘুঁটি সাজানো শুরু করে বিজেপি। কালীঘাট সঙ্ঘশ্রীর পুজোকে টার্গেট করে গেরুয়া শিবির। কিন্তু, শেষমেষ সঙ্ঘশ্রীতে সেই কৌশল বানচাল হয়ে গেল তৃণমূল নেতৃত্বের চালে। সঙ্ঘশ্রীর পুজো কমিটির নতুন সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য্য বলেন, “আমাদের পাড়ার পুজোয় কোনওদিনই রাজনীতি ছিল না। আগামী দিনেও রাজনীতি থাকবে না।” সম্পাদক এমন কথা বললেও, খুঁটি পুজোর অনুষ্ঠানে তৃণমূলের জনপ্রতিনিধিদের মুখে ছিল যুদ্ধ জয়ের হাসি!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news