চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
“প্রণব মুখোপাধ্যায় আমাদের মার্গদর্শক ছিলেন।” সোমবার সন্ধ্যায় প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) প্রয়াণের খবরের পর এভাবেই প্রতিক্রিয়া জানালেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (Rashtriy Swayamsevak Sangh) প্রধান মোহন ভাগবত। বিবৃতি প্রকাশ করে অকপটেই হিন্দুত্ববাদী নেতা বলেন, “সঙ্ঘের প্রতি ওঁর প্রেম ও সদ্ভাবের কারণে উনি আমাদের কাছে একজন মার্গদর্শক ছিলেন।” ২০১৪ সালে যখন প্রণব মুখোপাধ্যায় দেশের রাষ্ট্রপতি, সেই সময়ে দেশের প্রধানমন্ত্রী হন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে উঠে আসা বিজেপি নেতা নরেন্দ্র মোদি। নিজে সারা জীবন জাতীয়তাবাদী ভাবধারা মেনে কংগ্রেস রাজনীতি করলেও, রাষ্ট্রপতি থাকাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর কখনও কোনও বিরোধ হয়নি। রাষ্ট্রপতি পদ থেকে অবসর নেওয়ার পর নরেন্দ্র মোদি সরকারের উদ্যোগে তাঁকে দেওয়া হয়েছিল ভারতরত্ন। জাতীয় রাজনৈতিক মহলের মতে, আজীবন কংগ্রেস ঘটনা রাজনীতি করলেও রাষ্ট্রের স্বার্থে কখনওই বিজেপি পরিচালিত সরকারের সঙ্গে তাল মিলিয়ে চলতে এতটুকু দ্বিধা করেননি প্রণব মুখোপাধ্যায়। তাঁর এমন রাষ্ট্রনেতা সুলভ ভাবনার কারণেই প্রয়াণের পর তাঁকে মার্গদর্শক আখ্যা দিয়েছেন মোহন ভাগবত।

২০১৮ সালের ৭ জুন নাগপুরে সংঘের সদর দফতরে গিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। তখনও দেশের রাষ্ট্রপতি তিনি। তাঁর নাগপুর সফর নিয়ে তখন কম বিতর্ক হয়নি সর্বভারতীয় রাজনীতিতে। শুধু তাই নয়, নাগপুরে সংঘের প্রধান শাখায় গিয়ে সংঘের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ারকে দেশের সেরা সন্তান বলেও উল্লেখ করে জোর বিতর্ক উস্কে দিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। এমনকি তাঁর মেয়ে তথা দিল্লি প্রদেশ কংগ্রেসের তৎকালীন মুখপাত্র শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ও হতাশা প্রকাশ করেছিলেন বাবার এহেন আচরণে। পুরোনো দল কংগ্রেসও এবিষয়ে প্রাক্তন রাষ্ট্রপতিকে ছেড়ে কথা বলেনি। কিন্তু তাতেও অবিচল থেকে ছিলেন বীরভূমের মিরিটির এই ব্রাহ্মণ সন্তান।
প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর পর সংঘ প্রধান যে বিবৃতি দিয়েছেন, তাতেও পরিষ্কার তাঁর প্রতি কতটা কৃতজ্ঞ সংঘ পরিবার। এদিনের বিবৃতিতে মোহন ভাগবত (Mohan Bhagwat) ও সহ কার্যবাহ সুরেশ জোশী লিখেছেন, “কুশল প্রশাসক, রাষ্ট্রহিতকে সর্বোপরি জ্ঞান করে, অস্পৃশ্যতার উর্ধ্বে সব দলের থেকে সম্মান পেয়ে, মিতভাষী, লোকপ্রিয় প্রণব মুখোপাধ্যায় আজ তাঁর জীবনযাত্রা শেষ করে পরম তত্ত্বে বিলীন হয়ে গিয়েছেন। ভারতের রাজনৈতিক ও সামাজিক জীবনে তৈরি হওয়া এই শূন্যতা পূরণ করা সহজ হবে না। ওঁর মৃত্যুতে সংঘের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news