Breaking News
Home / TRENDING / গোপন ক্যামেরা গুণবে ‘বনের রাজা’র সংখ্যা

গোপন ক্যামেরা গুণবে ‘বনের রাজা’র সংখ্যা

নিজস্ব সংবাদদাতা:

সুন্দরবন: সুন্দরবনে বাঘের সঠিক সংখ্যা কত তা জানতে আরও একবার বাঘ গণনার কাজ শুরু করলো বনদপ্তর। ভারতবর্ষের সমস্ত ‘টাইগার রিজার্ভ ফরেস্ট’-এ বুধবার থেকে শুরু হয়েছে বাঘ গণনার কাজ। সেই সঙ্গে বুধবার সকাল থেকে দক্ষিণ ২৪ পরগণার সুন্দরবন এলাকায় শুরু হয়েছে এই ব্যাঘ্র সুমারি। প্রাথমিক ভাবে সুন্দরবনের জঙ্গলে ক্যামেরা বসিয়ে বাঘ গণনার কাজ শুরু করেছে বনদপ্তর। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প ও ২৪ পরগণা বিভাগীয় বন দপ্তরের অধীনে থাকা রেঞ্জগুলিতে বুধবার থেকেই শুরু হয়েছে ক্যামেরা বসানোর কাজ। এই ক্যামেরায় ওঠা বাঘের ছবি পর্যবেক্ষণ করে আগামী মার্চে এ বিষয়ে রিপোর্ট সরকারের হাতে তুলে দেবে বন দপ্তর।

আগে বাঘের পায়ের ছাপ দেখে বাঘ গণনার কাজ চলতো সুন্দরবনে। কিন্তু পুরাতন এই পদ্ধতিতে বাঘের সঠিক সংখ্যা পেতে একদিকে যেমন সমস্যা ছিল, তেমনি এই কাজ করার ক্ষেত্রে বনকর্মীদের যথেষ্ট নিরাপত্তার অভাব ছিল বলে দাবি বন দপ্তরের। পুরনো পদ্ধতি ব্যবহার করে ২০০৪ সালে পাওয়া ব্যঘ্র সুমারির রিপোর্টে জানা গিয়েছিল সুন্দরবনে প্রায় ২৭৪ টি বাঘ রয়েছে। কিন্তু এই গণনার মধ্যে যথেষ্ট ভুল ছিল বলেই দাবি করেছিলেন বহু পশু বিশেষজ্ঞ ও বনাধিকারিকরা। বাঘেদের সঠিক সংখ্যা জানার জন্য তাই কয়েকবছর আগে বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার শুরু হয় সুন্দরবনে। তারমধ্যে সরাসরি চোখে দেখে, বাঘের মল সংগ্রহ করে ও ক্যামেরার সাহায্যে বাঘের ছবি তুলে গণনার কাজ শুরু হয়। তবে এগুলির মধ্যে ক্যামেরার মাধ্যমে বাঘ গণনার পদ্ধতিকেই কার্যত শীলমোহর দেওয়া হয়। সেই কারণে গত কয়েক বছর ধরে জঙ্গলে ক্যামেরা লাগিয়ে বাঘেদের ছবি তুলে তা পর্যবেক্ষণ করে বাঘের আনুমানিক সঠিক সংখ্যা নির্ধারণের চেষ্টা করেছে বন দপ্তর। আধুনিক পদ্ধতি ব্যবহার করে শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী সুন্দরবনে বাঘেদের সংখ্যা একশোর আশেপাশে। তবে এবারে বাঘেদের সংখ্যা আরও অনেকখানি বেড়েছে বলে দাবি করছে বনদপ্তর। কারণ গত বেশ কয়েকমাসে বহু বাঘ দেখা গিয়েছে সুন্দরবনে। বনকর্মীদের পাশাপাশি সুন্দরবনে বেড়াতে আসা বহু পর্যটকই দেখা পেয়েছেন দক্ষিণরায়ের। তবে ফাইনাল রিপোর্টের আগে এ বিষয়ে বাড়তি কিছু বলতে নারাজ বনকর্তারা।

এবছর বাঘ গণনার জন্য সুন্দরবনের দুটি বিভাগে মোট ৮টি দল কাজ করছে। এক একটি দলে রয়েছে ১৫ জন করে বনকর্মী। প্রায় ১২০ জনের মতো বনকর্মী এই বাঘ গণনার কাজে হাত লাগিয়েছেন। মোট ৮৪০টি স্বয়ংক্রিয় ক্যামেরা বসানো হচ্ছে সুন্দরবনের জঙ্গলের বিভিন্ন প্রান্তে। টানা ৩৬ দিন ধরে মোট দু’দফায় চলবে বাঘের ছবি তোলার কাজ। সব মিলিয়ে বর্তমানে সুন্দরবনে বাঘ গণনায় চূড়ান্ত ব্যস্ত কর্তব্যরত বনকর্মীরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *