নিজস্ব সংবাদদাতা :
আগরপাড়ায় বিশাল অস্ত্র কারখানার হদিশ পেল এসটিএফ, উদ্ধার প্রচুর অস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জাম। ঘোলা থানার পুলিশকে সঙ্গে নিয়ে এস টি এফের দশ জনের তদন্তকারী দল বুধবার দুপুরে হানা দেয় আগরপাড়া উশুমপুর বটতলা খেলার মাঠ সংলগ্ন এলাকার বাসিন্দা কালাচাঁদ পালের বাড়িতে । কালাচাঁদের বাড়ি ভাড়া নিয়ে লেদ কারখানার আড়ালে চলছিল অবৈধ অস্ত্র তৈরীর কারবার । গোপনে খবর পেয়েই বুধবার এসটিএফ কালাচাঁদ পালের বাড়িতে হানা দিয়ে ৬২ টি অবৈধ বন্দুক, দুটি লেদ মেশিন এবং অবৈধ বন্দুক তৈরীর প্রচুর যন্ত্রাংশ উদ্ধার করেছে । আটক করা হয়েছে ওই বাড়ির মালিক কালাচাঁদ পালকে । তবে এই অবৈধ বন্দুক তৈরীর কারবারি মূল অভিযুক্ত মহম্মদ পাপ্পু ঘটনার পর থেকেই পলাতক । এই অস্ত্র কারখানায় বন্দুক বানানোর কাজের সঙ্গে যুক্ত আরও ৭ জন অস্ত্র কারবারিকে খুঁজছে এসটিএফ । সূত্রের খবর গত ৩০ শে জুলাই এস টি এফ উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার ৩৫ নম্বর ওয়ার্ডের ম্যানেজার বাগান এলাকায় একটি অবৈধ অস্ত্র কারখানায় হানা দিয়েছিল । সেখান থেকে সেই সময় পুলিশ ৫ জন অস্ত্র কারবারিকে গ্রেফতার করে নিয়ে যায় এবং সেখান থেকে উদ্ধার হয় লেদ মেশিন সহ প্রচুর অস্ত্র তৈরীর যন্ত্রাংশ । অভিযুক্ত ওই ৫ জনকে জেরা করে এস টি এফ ঘোলা থানার অন্তর্গত আগরপাড়া উশুমপুর বটতলার এই বিশাল অস্ত্র কারখানার হদিশ পায় বলে এসটিএফ সূত্রের খবর । জানা গিয়েছে, অভিযুক্ত পাপ্পু বাড়িতে লেদ মেশিন বসিয়ে লেদ কারখানার আড়ালে লোহা কেটে তৈরী করছিল ৭ এম এম এবং ৯ এম এম বন্দুক । এসটিএফ মনে করছে, বিহার, ছত্তিশগড়, মুংগের প্রভৃতি এলাকার অস্ত্র কারবারীদের সঙ্গে এখানকার অস্ত্র কারবারীদের যোগসূত্র রয়েছে এবং দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে অবৈধ অস্ত্র তৈরীর রমরমা কারবার চালাচ্ছে দুষ্কৃতিরা । এই অস্ত্র কারবারীদের সঙ্গে কোন জঙ্গি যোগ আছে কি না, তাও খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা । কালাচাঁদ পাল এদিন এসটিএফের কাছে বলেন, লেদকারখানার আড়ালে কি চলত তিনি তা জানতেন না । এস টি এফ আধিকারিকরা কালাচাঁদকে জিজ্ঞাসাবাদ করে তার বাড়িতে চলা অস্ত্রকারখানায় কে কারা আসত, তারা কি কারনে আসতো সবই জানার চেষ্টা করছে ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news