চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
অবশেষে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুতে মাদক যোগের ঘটনায় অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে (Rhea Chakroborty) গ্রেফতার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এনসিবি (NCB) সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য-পরীক্ষা হবে রিয়ার। তার আগে বাকি তিনজন অর্থাৎ রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী, সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং সুশান্তের রাঁধুনি দীপেশ সিংয়ের সঙ্গে সম্ভবত স্বাস্থ্য-পরীক্ষার আগেই রিয়াকে আদালতে পেশ করা হবে। তাঁকে হেফাজতে নেওয়ার জন্য নারকোটিক্স ব্যুরো আদালতে আর্জি জানাতে পারে বলে খবর।
চলতি বছর মুম্বইয়ের বাড়িতে ১৪ জুন নিজের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। তাঁর মৃত্যু খুন না আত্মহত্যা, এই নিয়ে জোর বিতর্ক শুরু হয়। সুশান্তের বাবা বিহারে তাঁর প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই থেকে এই মামলায় নতুন মাত্রা যোগ হয়। শুরুতে মুম্বই পুলিশের হাতেই তদন্তভার ছিল। পরে সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে তা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের হাতে ওঠে। সেই মামলায় রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে মাদকযোগের কথা উঠে এলে, আলাদা করে তদন্ত শুরু করে এনসিবি। তা নিয়ে গত সপ্তাহে দফায় দফায় জেরার পর শুক্রবার রিয়ার ভাই শৌভিক ও সুশান্তের প্রাক্তন ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হন সুশান্তের হাউজ হেল্প দীপেশও। ৯ সেপ্টেম্বর পর্যন্ত হেফাজতে রয়েছেন তাঁরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news