দেবক বন্দ্যোপাধ্যায়:
শহর যখন রাজীব কুমার, মমতা-মোদী সাক্ষাৎ পেরিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় ও বাবুলে মজেছে তখনই এই শহরের বুকেই বসল একটি অন্যরকম আড্ডা।
কোথায়? কার বাড়িতে? গৃহকর্তার নাম উস্তাদ রশিদ খাঁ। আর আড্ডার মধ্যমণি সঙ্ঘচালক মোহন ভাগবত।
আড্ডার বিষয় কী?
আড্ডার আবার বিষয় লাগে?
পুরোপুরি বিশ্বাসযোগ্য না হলেও সূত্রের দাবি নিছকই আড্ডা!

শুক্রবার সকাল ৯টা নাগাদ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত পৌঁছন হিন্দুস্থানী মার্গ সঙ্গীতের প্রথম সারির শিল্পী ওস্তাদ রশিদ খাঁ সাহেবের বাড়ি। এ কথা থেকে সে কথা আসে, সে কথা থেকে এ কথা কিন্তু সূত্রের দাবি তেমন কোনও রাজনৈতিক বিষয় উঠে আসেনি এই আড্ডায়। জলখাবারে এসেছে গুজরাতি ধোকলা, এসেছে দক্ষিণি ইডলি। রামমন্দির-বাবরি মসজিদ? তিন তালাক রদ? ৩৭০ ধারার অবলুপ্তি? সূত্রবাবু (!) বলছেন, একেবারেই না। রশিদ খাঁ ও তাঁর পরিবারের সঙ্গে মোহন ভাগবতের সখ্য পুরনো। তাঁর সন্তানেরা মোহনজিকে দাদাজি বলে ডাকে। এদিনও তারা বঞ্চিত হয়নি ‘দাদাজির’ আদর থেকে। সকাল ৯ টা থেকে প্রায় বেলা সাড়ে এগারোটা পর্যন্ত চলে এই আড্ডা। গৃহকর্তা, গৃহকর্ত্রী, তাঁদের পুত্র-কন্যা ছাড়াও উপস্থিত ছিলেন আরও দু-তিনজন।
‘যাদবপুর’ পরবর্তী শহরের সকালে অন্য কোনও কলকাতার, অন্য কোনও পশ্চিমবঙ্গের ক্ষেত্র প্রস্তুত হল কি এই আড্ডায়?
আরও অন্য কোনও সকালেই এই প্রশ্নের উত্তর জানা যাবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news