নিজস্ব প্রতিনিধি।
সিপিএম (CPM) নেতা এবং আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের (Bikash Ranjan Bhattacharya) বিরুদ্ধে অবিলম্বে আইনগত এবং প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন বিজেপি (BJP) নেতা রন্তিদেব সেনগুপ্ত (Rantidev Sengupta)। মঙ্গলবার বিকাশবাবু একটি পোস্টে বলেন, যে দিল্লিতে মুসলমানদের বাড়িতে পুলিশের মদতে হামলা চালাচ্ছে হিন্দুত্ববাদীরা। বেছে বেছে মুসলিমদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হচ্ছে। এই পোস্টের বিরুদ্ধেই আপত্তি জানান রন্তিদেব সেনগুপ্ত। তিনি অভিযোগ করেন দুই সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। এক সম্প্রদায়ের বিরুদ্ধে অন্য সম্প্রদায়কে উসকে দেওয়ার চেষ্টা করছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য।
প্রসঙ্গতঃ হিন্দুরা মসজিদ ভাঙছে বলে যে দাবি বিকাশবাবু করেছেন তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। মঙ্গলবার বিকেলে গুজব রটে দিল্লির অশোক বিহারে একটি মসজিদ ভাঙা হয়েছে। পরে উত্তর- পূর্ব দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার বিবৃতি দিয়ে বলেন ওখানে এমন কোনও ঘটনা ঘটেনি। এর কিছুক্ষণের মধ্যে ভিডিও আপলোড করে দেখানো হয় অশোক নগরে একটি মসজিদের ওপর গেরুয়া পতাকা টাঙানো হয়েছে। তবে এই ভিডিও এখনকার না পুরনো কোনও ভিডিও এই বিষয়ে এখনও পুলিশের কাছ থেকে কোনও বিবৃতি পাওয়া যায়নি। তবে এমন স্পর্শকাতর সময়ে একজন দায়িত্বশীল মানুষ হিসাবে এমন আলটপকা মন্তব্য কেন করছেন বিকাশবাবু সেই প্রশ্ন তুলছেন অনেকেই। এই বিষয়ে বিকাশ ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এটা কখনওই উস্কানিমূলক বক্তব্য নয়। এটা সেই সত্য যে সত্য ওঁরা দেখেও দেখছেন না।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news