ওয়েব ডেস্ক:
দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইকের জল্পনা! সার্জিক্যাল স্ট্রাইকের বর্ষপূর্তিতে রাজনাথ সিংহ-এর মন্তব্য, ‘কুছ হুয়া হ্যায়।’ কিন্তু কী হয়েছে সীমান্তে তা ভেঙে বলতে চাননি রাজনাথ। তাই নিয়েই তৈরি হয়েছে জল্পনা। পাকিস্তানের মাটিতে গিয়ে ভারতীয় নিরাপত্তাবাহিনী কি বড় কিছু ঘটিয়ে এসেছে?
কয়েকদিন আগে জম্মুর এলওসি-তে বিএসএফ-এর জওয়ান জিতেন্দ্র সিংকে নৃশংশভাবে হত্যা করে পাকিস্তানি রেঞ্জার্সরা। গুলি করার পর মাথা কেটে নেওয়া হয়েছিল সেনা জওয়ানের। যা নিয়ে দেশ জুড়ে আলোড়ন তৈরি হয়। তার আগে ইমরান খানের চিঠি পেয়ে ভারত সরকার রাজি হয়েছিল নিউ ইয়র্কে রাষ্ট্র সংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে দু’দেশের বিদেশমন্ত্রী বৈঠক করবে এই মর্মে। কিন্তু জিতেন্দ্র হত্যার পর সেই বৈঠক বাতিল করা হয়। জানিয়ে দেওয়া হয়, পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়।
অন্য দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আজ বলেন, ‘পাকিস্তানে কিছু একটা হয়েছে। ঠিকঠাক হয়েছে। দু’তিন দিন আগে। একদম ঠিকঠাক হয়েছে। আমি এখন কিছু বলছি না। আগামী দিনেও কী কী হবে দেখতে থাকুন।’
অনুমান করা হচ্ছে নীরবে পাকিস্তানের মাটিতে গিয়ে জিতেন্দ্র হত্যার বদলা নিয়েছে নিরাপত্তাবাহিনী। একটি সূত্রের দাবি, পাক সীমান্তে যে ২৭টি লঞ্চপ্যাড তৈরি করেছিল জঙ্গিরা, তার ১২টিকে মাটিতে মিশিয়ে দিয়েছে ভারত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news