দেবক বন্দ্যোপাধ্যায় : 
২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে দুটি শব্দ লোকমুখে প্রায়ই শোনা যায়। দেশপ্রেমী ও দেশদ্রোহী। শব্দদুটির সদর্থক ব্যবহার যেমন চলে তেমনই নঞর্থক ব্যবহারের উদাহরনও কম নেই। অনেক ক্ষেত্রে বিদ্রূপাত্মক , শ্লেষাত্মক, মোটের ওপর ব্যাঙ্গার্থেও এই শব্দটি ব্যবহৃত হয়। সোশ্যাল মিডিয়ায় কোনও কোনও মহলের উদ্যোগে ছোট ছোট ডিজিটাল ফিল্ম তৈরি করে প্রচার করা হয়। এই ধরনের ফিল্মে যে পুলিশটি ঘুষ নেয় না বা যে ছোট্ট ছেলেটি রাস্তায় চকলেটের মোড়ক না ফেলে ডাস্টবিনে ফেলে কিংবা যে মেয়েটি পরীক্ষায় নকল করতে গিয়েও থমকে যায়, তাদের দেশপ্রেমী হিসেবে দেখানো হয়।
ওই ছোট্ট ছেলেটির মতো কিংবা ওই পরীক্ষার্থী মেয়েটির মতোই অতি সাধারণ অথচ অতীব সত্য একটি কাজ করেছিলেন রাজকুমার স্যার। রাজকুমার রায়। রায়গঞ্জের রহটপুর হাই মাদ্রাসার ইংরাজির শিক্ষক। ভোটের দিন ইটাহারে প্রিসাইডিং অফিসার হিসেবে গিয়েছিলেন। মুখ ঢাকা সশস্ত্র কয়েকজন ভোট পণ্ড করতে এলে সোনারপুর প্রাথমিক বিদ্যালয়ের ৪৮ নম্বর বুথে সেই সময় উপস্থিত সকলের মধ্যে একমাত্র তিনি প্রতিবাদ করেন। বাধা দেওয়ার চেষ্টা করেন। দেশ বলে একটি ভূখণ্ড যেমন আছে। তেমন একটি ধারনাও আছে। আছে ভাবাবেগ। এই সবকিছুর প্রতি তিনি তাঁর ওপর অর্পিত কর্তব্যটুকু পালন করেছিলেন। সন্ধে আটটার পর থেকে রাজু স্যারকে আর খুঁজে পাওয়া যায়নি।
তারপর?
তারপর মৃত প্রিসাইডিং অফিসারের মৃতদেহ শনাক্ত করলেন তাঁর ভাই ও স্কুলের প্রধান শিক্ষক। রক্তাক্ত মৃতদেহ।
মঙ্গলবার রাতে রায়গঞ্জের সোনাডাঙি এলাকায় রেললাইনের ধারে ক্ষতবিক্ষত এক মৃতদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহ হয়েছিল ওই মৃতদেহটি রায়গঞ্জ শহরের বাসিন্দা রহটপুর হাই মাদ্রাসার শিক্ষক রাজকুমার রায়ের, যিনি ইটাহারে প্রিসাইডিং অফিসার হিসেবে ভোটগ্রহন করার কাজে গিয়ে আর বাড়ি ফিরে আসেননি!
পরিবারের অভিযোগ রাজকুমারকে খুন করা হয়েছে।
রাজকুমার দেশপ্রেমিক। তিনি খুন হয়েছেন!
ভোটের দিন বাংলার মাটিতে দেশদ্রোহীরা দাপিয়ে বেড়িয়েছে বললে, হে শাসক, আপনি কিছু মনে করলেন না তো!
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news