চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
আর্থিক প্যাকেজ নয়, কৃষক শ্রমিকদের ব্যাংক একাউন্টে সরাসরি টাকা দেওয়ার দাবি তুললেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী (Rahul Gandhi)। শনিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি মুখোমুখি হন।সেখানেই কেন্দ্রীয় সরকারের আর্থিক প্যাকেজ প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাহুল বলেন, “সরাসরি অ্যাকাউন্টে টাকা পাঠানো, মনরেগা-র অধীনে ২০০ দিনের কাজ, কৃষকদের জন্য টাকার বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত প্রধানমন্ত্রীর। কারণ এঁরাই দেশের ভবিষ্যৎ।” তিনি আরও বলেন, “কোনও মা তাঁর সন্তানকে খাবার যোগানোর জন্য সবকিছু করতে পারেন। তেমন সরকারেরও উচিত, প্রত্যেক দরিদ্র ব্যক্তির অ্যাকাউন্টে টাকা দেওয়া। না হলে দেশে বিপর্যয় নেমে আসবে।”
রাহুল গাঁধী বলেন, “ যে পরিযায়ী শ্রমিকরা রাস্তা দিয়ে হেঁটে চলেছে তাঁদের ঋণ নয়, টাকার প্রয়োজন। ঠিক তেমনই যে কৃষক সঙ্কটে রয়েছেন তাঁরও টাকার প্রয়োজন। ঋণের প্রয়োজন নেই। আর তা যদি আমরা না করতে পারি তা হলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে।” তিনি আরও বলেন, “এটা আসলে ‘ঋণের প্যাকেজ’। যা পরিযায়ী শ্রমিক এবং কৃষকদের পক্ষে মোটেই স্বস্তির নয়।” গত ১৩ মে বড়সড় আর্থিক প্যাকেজের ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitaraman)। ২০ লক্ষ কোটির প্যাকেজের মধ্যে ৩ লক্ষ কোটির তহবিল তৈরি করে এই ক্ষেত্রকে ঋণ দেওয়ার বন্দোবস্ত করা হবে বলেও ঘোষণা করেন তিনি। নরেন্দ্র মোদী সরকারের (Narendra Modi Govt.) ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন রাহুল গাঁধী। প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ইস্তেহার প্রকাশ করে ন্যায় প্রকল্পের মাধ্যমে সরাসরি ব্যাংকে গরিব মানুষকে টাকা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news