নীল রায়:
কংগ্রেসের নেতাদের হতাশ করে পুরুলিয়ার জনসভা সেরে ফেললেন এআইসিসি সভাপতি রাহুল গান্ধী। মঙ্গলবার পুরুলিয়ার কংগ্রেস প্রার্থীদের সমর্থনে জনসভায় করতে এসেছিলেন তিনি। প্রদেশ কংগ্রেস নেতৃত্বের আশা ছিল রায়গঞ্জ ও মালদহের মতো এবারও দিদির ওপর খড়গহস্ত হবেন রাহুল। কিন্তু এদিনের সভায় নরেন্দ্র মোদিকে বাছা বাছা রাজনৈতিক বিশেষণে আক্রমণ করলেও, দিদির নাম পর্যন্ত মুখে আনেননি কংগ্রেস সভাপতি। যার পর স্বাভাবিকভাবেই হতাশ কংগ্রেসের নেতারা। রাজনৈতিক মহলের মনে করছে আগামীতে সরকার গঠনে কাছাকাছি আসতে পারে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস। তাই সে কথা মাথায় রেখেই কংগ্রেস সভাপতি সুর চড়াননি তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। পুরুলিয়ার কোটশিলার সভায় রাহুল শুধু বলেন, “মোদির মতো দিদিও কৃষকদের ফসলের উপযুক্ত মূল্য দিতে পারেননি। মোদির মতো মমতাও বেকারদের রোজগার দিতে পারেননি।” এছাড়া আর দিদি বা মমতাজি শব্দ শোনা যায়নি রাহুলের মুখে।
রাহুল বলেন, “নরেন্দ্র মোদিকে দেশের মানুষ দায়িত্ব দিয়েছিল কৃষক, গরিব, বেকারদের চৌকিদারি করার। কিন্তু তিনি তা না করে অনিল আম্বানির চৌকিদারি করছেন। নরেন্দ্র মোদি আম জনতার ৩০ হাজার কোটি টাকা নিয়ে আম্বানির পকেট ভরিয়েছেন।” কংগ্রেস সভাপতি আরও বলেন, “কোনও শক্তিই মোদিকে আর প্রধানমন্ত্রী বানাতে পারবে না। মোদিকে মানুষ কড়া জবাব দেবে। ঝটকা দেবে। আপনি চুরি আর করতে পারবেন না।” রাহুলের অভিযোগ, “মোদিজি যেখানেই যান, ঘৃণা ছড়ান। কিছু না কিছু মিথ্যা কথা বলেন। এক ধর্মকে অন্য ধর্মের সঙ্গে লড়িয়ে দেন। এক জাতকে অন্য জাতের সঙ্গে লড়াই করান।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news