নীল রায়:
বাংলার জরাজীর্ণ সংগঠন নিয়ে মালদহের দুটি লোকসভা আসন ধরে রাখতে মরিয়া কংগ্রেস। সেই লক্ষ্যে শনিবার সেখানে সভা করতে আসছেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভাপতি রাহুল গাঁধী। চাঁচলে রাহুল এই জনসভা করবেন কংগ্রেস প্রার্থী ঈসা খান চৌধুরীর সমর্থনে। সভায় যোগ দিতে এদিনই মালদহের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র সহ তাঁর দলবল। প্রদেশ কংগ্রেসের একাধিক শীর্ষ নেতারা ওই সভায় উপস্থিত থাকলেও, মঞ্চে সকলকে ওঠার অনুমতি দেওয়া হচ্ছে না। প্রদেশ কংগ্রেসের মাত্র ১১ জন নেতাকেই রাহুল গাঁধীর মঞ্চে দেখা যাবে। কিন্তু ভঙ্গুর সংগঠন নিয়ে কতদূর চাঁচলের ময়দান ভরানো যাবে তা নিয়ে প্রশ্ন উঠছে খোদ কংগ্রেস কর্মীদের মনেই। এমন প্রশ্নের উত্তরে মালদহ জেলা কংগ্রেস সভাপতি মুস্তাকিন আলম বলেন, “আমরা সভা সফল করার সবরকম বন্দোবস্ত রেখেছি। লক্ষাধিক মানুষের জনসমাগমের সংকল্প নিয়েছি। রাহুল গাঁধী জনসভা করে যাওয়ার পর আশা করি আমাদের ভোট প্রস্তুতিতে সুবিধাই হবে।”
মনে করা হচ্ছে এই সভা থেকে সাংসদ মৌসম বেনজির নূরের বিরুদ্ধে আক্রমণ শানাবেন রাহুল। সঙ্গে বরকত গনি খান চৌধুরীর ভাবাবেগ উস্কে দিয়ে মালদাহ উত্তর কেন্দ্রে ঈশা ও দক্ষিণ কেন্দ্রে তাঁর পিতা আবু হাসেম খান চৌধুরীকে ভোট দিতে বলবেন এআইসিসি সভাপতি। প্রসঙ্গত, লোকসভা ভোটের মাসখানেক আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন মালদহ উত্তরের সংসদ সদস্য মৌসম নূর। জোড়া ফুল প্রতীকে ওই কেন্দ্রে তাঁর নাম ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মৌসম বেনজির নূরের দিকে রাহুলের আক্রমণের তির ধেয়ে আসতেই পারে, এমন আশঙ্কা থেকেই চাঁচলের ওই মাঠেই আগামী ২৫ মার্চ পাল্টা জনসভার ডাক দিয়েছেন মালদহের তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী।
যদিও দিল্লিতে ক্ষমতায় ফেরার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই আক্রমণের মূল নিশানা করবেন রাহুল, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। আর সেই যুদ্ধে মালদহ উত্তর-দক্ষিণ আসনটি ধরে রাখাই লক্ষ্য কংগ্রেস নেতৃত্বের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news