ওয়েব ডেস্ক:
রাফায়েল নিয়ে রাহুলের কটাক্ষ, যেভাবে রাফায়েল নথি চুরি গিয়েছে তারপর ‘গায়েব হো গয়া’ স্লোগানটাই সরকারের জন্য উপযুক্ত৷
উল্লেখ্য, সম্প্রতি সুপ্রিম কোর্টে রাফায়েল সংক্রান্ত মামলার শুনানির সময় সরকারের তরফে জানানো হয়েছে, প্রতিরক্ষামন্ত্রক থেকে চুরি গিয়েছে রাফায়েল নথি৷ ওই স্বীকারোক্তিকেই কাজে লাগালেন রাহুল গাঁধী। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে মোদী সরকারের বিরুদ্ধে তাঁর নয়া স্লোগান— ‘গায়েব হো গয়া’।
রাহুল গাঁধী আরও বলেন, ‘‘সরকার জানিয়েছে (রাফায়েল) নথি পাওয়া যাচ্ছে না৷ তার মানে সেই নথি গুরুত্বপূর্ণ ছিল৷ সেই নথিতে বলা ছিল প্রধানমন্ত্রী মোদী রাফায়েল নিয়ে সমান্তরাল আলোচনা চালাচ্ছিলেন৷ যারা নথি চুরি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক৷ অথবা সমান্তরাল আলোচনা চালানোর জন্য প্রধানমন্ত্রীর অফিসের বিরুদ্ধে তদন্ত হোক৷’’
এদিন রাহুল জানান, প্রধানমন্ত্রী মোদী রাফায়েল চুক্তি নিয়ে বাইপাস সার্জারি চালিয়েছেন৷ অনিল আম্বানিকে সুবিধা পাইয়ে দিতে রাফায়েল কিনতে বিলম্ব করা হয়েছে৷ তাঁর প্রশ্ন, প্রধানমন্ত্রী যদি দোষী না হন তাহলে তদন্তের নির্দেশ দিচ্ছেন না কেন? মোদীকে আক্রমণ করে রাহুলের তোপ, ‘‘ওই নথিতে লেখা ছিল রাফায়েলের দাম বাড়ানোর প্রসঙ্গটি৷ প্রতিরক্ষামন্ত্রক থেকে বলা হয়েছে প্রধানমন্ত্রীর অফিস সমান্তরাল আলোচনা চালিয়ে যাচ্ছে৷ তারা এই অভিযোগ তুলল কেন? নিশ্চয়ই কারণ আছে৷’’
প্রসঙ্গত: বুধবার রাফায়েল মামলার শুনানির সময় অ্যার্টনি জেনারেল বলেন, রাফায়েল যুদ্ধবিমান নথি প্রতিরক্ষামন্ত্রক থেকে চুরি গিয়েছে৷ সরকারের এই স্বীকারোক্তির পর রাফায়েল মামলা নতুন মোড় নেয়৷
এরপরই সরকারের স্বীকারোক্তিকে কাজে লাগান কংগ্রেস সভাপতি৷ রাহুল বলেন, চৌকিদার চোর হ্যায় প্রমাণিত হল৷ ট্যুইটে লেখেন, রাফায়েল দুর্নীতির শুরু ও শেষ প্রধানমন্ত্রীকে দিয়েই৷ আসলে নথি চুরি যায়নি, দুর্নীতির প্রমাণ নষ্ট করা হয়েছে৷
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news