চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
আজই ফ্রান্স থেকে ভারতের উদ্দেশে রওনা দিচ্ছে পাঁচটি রাফাল যুদ্ধবিমান (Rafael Fighter Jet)। সংবাদ সংস্থা এএনআই সূত্রে এ খবর জানানো হয়েছে। সোমবার সকালে সংবাদ সংস্থা এএনআইয়ের টুইটার হ্যান্ডেল ফ্রান্সে রাফাল যুদ্ধবিমান হস্তান্তরের ছবিও পোস্ট করা হয়। ওই পোস্টে জানানো হয়েছে, ভারতীয় পাইলটরাই যুদ্ধ বিমানগুলিকে উড়িয়ে আনবেন। আগামী বুধবার ভারতে এসে পৌঁছবে অত্যাধুনিক যুদ্ধবিমানগুলি। ভারতীয় বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে, হরিয়ানার আম্বালা বায়ুসেনা ঘাঁটিতে ‘গোল্ডেন অ্যারো’ ১৭ নম্বর স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত করা হবে পাঁচটি রাফাল। সব প্রস্তুতি ঠিক থাকলে সাতদিনের মধ্যেই রাফাল পাঠিয়ে দেওয়া হবে পূর্ব লাদাখে। বাংলার হাসিমারাতেও রাফাল যুদ্ধবিমান মোতায়েন করার হবে বলে জানানো হয়েছে।
Five Rafale jets taking off from France today to join the Indian Air Force fleet in Ambala in Haryana on July 29th. The aircraft will be refuelled by French Air Force tanker aircraft on their way to an airbase in the UAE before leaving for India. pic.twitter.com/oycLjrR8yE
— ANI (@ANI) July 27, 2020
রাফাল যুদ্ধবিমান ওড়ানোর জন্য ফ্রান্স থেকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে দেশের ১২ জন পাইলটকে। এয়ারবাস ৩৩০ মাল্টিরোল ট্যাঙ্কার ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট উড়িয়ে কীভাবে মাঝ আকাশে জ্বালানি ভরতে হবে সেই প্রশিক্ষণ নিয়েছেন পাইলটরা। রাফাল যুদ্ধবিমান ওড়ানোর পদ্ধতি ও মাঝ আকাশে জ্বালানির ভরার প্রক্রিয়া জানতে আরও ৩৬ জন বায়ুসেনার পাইলটের নাম নথিভুক্ত করা হয়েছে। তাঁরাও ফ্রান্সে গিয়ে প্রশিক্ষণ নেবেন। বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে, এদিন ভারতে আসার আগে পাইলটারা সাময়িক বিরতি নেবেন সংযুক্ত আরব আমিরশাহির আবুধাবির আল ধাফরা বিমানঘাঁটিতে। মাঝ আকাশে দু’বার জ্বালানি ভরা হবে ফাইটার জেটগুলিতে। ওই যুদ্ধবিমানগুলিতে সঙ্গে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রযুক্তিও যুক্ত করেছে দাসো অ্যাভিয়েশন। যা ২০০ কিলোমিটারের মধ্যে থাকা শত্রুপক্ষের যে কোনও ঘাঁটি গুঁড়িয়ে দিতে সিদ্ধহস্ত।
ভারত – চিন সীমান্তে উত্তেজনার পরিস্থিতিতে ভারতীয় বায়ুসেনা রাফাল যুদ্ধবিমানের অন্তর্ভুক্তি দেশের প্রতিরক্ষা মন্ত্রকের কাছে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। কারণ, ১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সেনাবাহিনীর সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের জওয়ানদের মৃত্যুর পর থেকেই যুদ্ধের বাতাবরণ তৈরি হয়েছে সীমান্তবর্তী এলাকায়। সেনা পর্যায়ের বৈঠকে কয়েকটি জায়গা থেকে পিপল লিবারেশন আর্মির পদক্ষেপ সরলেও, পরিস্থিতি পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে আসেনি। তাই ভারত এখন মন দিয়েছে সীমান্তে সামরিক শক্তি বৃদ্ধির ওপর। সেই উপলক্ষেই ফ্রান্স থেকে দ্রুত উড়িয়ে আনা হচ্ছে রাফাল যুদ্ধবিমান। এই ৬টি রাফাল যুদ্ধবিমানের অন্তর্ভুক্তিতে ভারতীয় বায়ুসেনা আরো শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। ভারতের এহেন সামরিক শক্তি বৃদ্ধির ঘটনাক্রমের নজর রেখে চলেছে বেজিং। ১৫ জুনের পর কোন বড়সড় গোলমালের ঘটনা না ঘটলেও, এবার আর কোনও ঝুঁকি নিতে নারাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news