নীল রায়। লোকসভা ভোটে শোচনীয় হারের পর রাজ্য প্রশাসনের ওলট-পালট বদল করেই চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র বিধাননগর কমিশনারেট চারদিনে চারজন পুলিশ কমিশনার বদল করেছেন তিনি, পিছিয়ে নেই হাওড়াও। সেখানেও তিন দিনে তিন জন পুলিশ কমিশনার বদল করেছেন দিদিমনি। নির্বাচনবিধি উঠে যেতেই রবিবার বিধাননগরের পুলিশ কমিশনারের পদে ফিরিয়ে আনা হয় জ্ঞানবন্ত সিংকে। কমিশনের নিয়োগ করা কমিশনার নটরাজন রমেশবাবুকে পাঠান হয় কম্পালসরি ওয়েটিংয়ে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় নতুন এডিজি আইন-শৃঙ্খলা হচ্ছেন জ্ঞানবন্ত সিং। বিধাননগরের নতুন পুলিশ কমিশনার হচ্ছেন নিশাদ পারভেজ। মঙ্গলবার জানানো হয়, শিলিগুড়ির পুলিশ কমিশনার ভরতলাল মীনা বিধাননগরের পুলিশ কমিশনার হবেন। বুধবার সন্ধ্যায় ভরতলাল মীনাকে সরিয়ে বিধাননগরের কমিশনার করা হয়েছে লক্ষ্মী নারায়ণ মীনাকে। নির্বাচন প্রক্রিয়া শুরুর কিছুদিন আগে হাওড়া পুলিশ কমিশনারের পদ থেকে তন্ময় রায়চৌধুরীকে সরিয়ে আনা হয়েছিল বিশাল গর্গকে। মঙ্গলবার বিশাল গর্গকে সরিয়ে ওই পদে আবারও ফিরিয়ে আনা হয় তন্ময় রায়চৌধুরীকে। কিন্তু বুধবার রাতে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় হাওড়ার নতুন পুলিশ কমিশনার হচ্ছেন গৌরব শর্মা। নদিয়া জেলার পুলিশকে রানাঘাট পুলিশ জেলা ও কৃষ্ণনগর পুলিশ জেলায় ভাগ করা হয়েছে। বারাসত জেলা পুলিশ ভেঙে বনগাঁ পুলিশ জেলা ও বারাসত পুলিশ জেলা করা হল। পুলিশ প্রশাসনের পাশাপাশি উচ্চপদস্থ আমলা মহলেও বদলি ঝড় বইয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। সরকারি নির্দেশে দার্জিলিঙের বর্তমান জেলাশাসক জয়শী দাশগুপ্তের বদলে জেলাশাসক হচ্ছেন কেএমডিএ-র সিইও সঞ্জয় বানশাল। জয়শী দাশগুপ্ত হচ্ছেন খাদ্য দফতরের যুগ্ম সচিব। কেএমডিএ-র সিইও হলেন উত্তর ২৪ পরগনার বর্তমান জেলাশাসক অন্তরা আচার্যকে। জলপাইগুড়ির জেলাশাসক শিল্পা গৌরিসারিয়া এলেন অর্থ দফতরের যুগ্ম সচিব পদে। দুর্গাপুরের স্পেশাল কমিশনার (জিএসটি) সুরেন্দ্র কুমার মীনা হচ্ছেন আলিপুরদুয়ারের জেলাশাসক।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news