নীল রায়।
এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সরাসরি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নেমে পড়লেন প্রশান্ত কিশোর (Prashanta Kishor)। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা বেআব্রু হয়েছে করোনা সংক্রমণের মোকাবিলায়। কোভিড আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে পরিসংখ্যানে একাধিক গোলমালের অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে। এমতাবস্থায় কেন্দ্রীয় সরকার অন্তঃরাজ্য প্রতিনিধি দল পাঠিয়ে রাজ্যের আক্রান্তের সংখ্যা ও মৃতের তালিকা প্রকাশ করতে বাধ্য করেছে রাজ্য সরকারকে। এমতাবস্থায় দিন দশেক আগে কার্গো বিমানে চাপিয়ে ড্যামেজ কন্ট্রোলের জন্য উড়িয়ে আনা হয়েছে এই ‘ইলেকশন স্ট্যাটিস্টি’কে।
সেই লক্ষ্যেই মঙ্গলবার সকালে স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষবর্ধনকে (Harshvardhan) উদ্দেশ্য করে একটি টুইট করেছেন প্রশান্ত কিশোর। তিনি লেখেন, “একটি টিভি সাক্ষাৎকারে স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন দাবি করেছেন যে ভারত নিয়মিতভাবে সমস্ত জেলাতে কোভিড ১৯-এর জন্য “কমিউনিটি বেসড রেনডম টেস্টিং” হচ্ছে। প্রতি জেলাতে কমপক্ষে ২৫০ জনকে পরীক্ষা করা হয়েছে! অবশ্যই সুসংবাদ, তবে ফলাফল কোথায়? এটি অবশ্যই জনসমক্ষে নেই!” এমন কৌশলী টুইটে কার্যত কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য পরিষেবা তথা কোভিড ১৯ মোকাবিলার সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন আইপ্যাক প্রধান।
https://twitter.com/PrashantKishor/status/1257529333163241472?s=09
প্রসঙ্গত প্রশান্ত কিশোরের ‘ক্লায়েন্ট’ তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার করোনা সংক্রমনের মোকাবিলায় লেজে গোবরে অবস্থায়। বিজেপি ছাড়াও রাজ্যের বিরোধী কংগ্রেস ও বামফ্রন্টের নেতারাও সংক্রমনের মোকাবিলায় রাজ্য সরকারের ব্যর্থতা ও প্রকৃত তথ্য চেপে দেওয়ার অভিযোগ তুলেছেন ধারাবাহিকভাবে। চাপে পড়ে কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে (BJP) রাজনৈতিক আক্রমণ করলেও, স্বাস্থ্যমন্ত্রকের কোনও সিদ্ধান্তকেই কাঠগড়ায় তুলতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় বা তাঁর দলের কোনও নেতা। তাই এবার কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের ব্যর্থতার কথা পশ্চিমবঙ্গের মানুষের কাছে তুলে ধরার দায়িত্ব নিয়েছেন প্রশান্ত কিশোর, এমনটাই মত রাজনৈতিক মহলের।
কারণ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের বৈতরণী পারের দায়িত্ব রয়েছে প্রশান্তের কাঁধে। প্রশান্ত কিশোর সরাসরি তৃণমূল কংগ্রেস করেন না। আর টুইটারের মতো একটি সোশ্যাল মিডিয়ার মঞ্চ থেকে এমন তীক্ষ্ণ আক্রমণ শানালে তৃণমূল (TMC) কর্মী তথা তৃণমূলের সোশ্যাল মিডিয়া সদস্যরা সহজেই তা ভাইরাল করে বিজেপির বিরুদ্ধে প্রচার চালাতে পারবেন। গত দুই সপ্তাহ যাবৎ কলকাতায় বসে যাবতীয় পরিস্থিতির ওপর নজরদারি চালিয়েছেন প্রশান্ত কিশোর স্বয়ং।
প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) নেওয়া একাধিক সরকারি সিদ্ধান্ত থেকে তাঁকে সরে আসার পরামর্শ দিয়েছেন পিকে। পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় কিভাবে বিজেপিকে প্রতিহত করা যায় সেই কৌশল ও তৈরি করেছে তাঁর সংস্থা আইপ্যাক। এমন কৌশলের পাশাপাশি কেন্দ্রীয় সরকার কেউ আক্রমণের এক নতুন পন্থা এদিন প্রকাশ্যে এনেছেন বিহারী এই ভোটগুরু।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news