চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
বাংলায় তৃতীয়বার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সর্বভারতীয় রাজনীতিতে প্রাসঙ্গিকতা পেতে চাইছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। সেই পথে একের পর এক রাজ্যে সংগঠন বিস্তারের মন দিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এই প্রক্রিয়ায় সমীক্ষা চালিয়ে তৃণমূল নেতৃত্বকে বাংলা সহ মোট পাঁচটি রাজ্যের সংগঠন বিস্তারের পরামর্শ দিয়েছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। পশ্চিমবঙ্গের নির্বাচনে তাঁর সংস্থা আইপ্যাক তৃণমূলকে যে প্রশ্নাতীত সাফল্য এনে দিয়েছে, তারপর থেকে প্রশান্তর নেতৃত্বের ওপর বাড়তি ভরসা করতে শুরু করেছেন মমতা থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর, পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরাতেও সংগঠন বিস্তারের পরামর্শ দেওয়া হয়েছিল পিকের পক্ষ থেকে। সেই প্রস্তাব দেখামাত্রই সম্মতি দেন মমতা। শুরু হয় মিশন ত্রিপুরা।
বাংলা নেতাদের বারবার ত্রিপুরায় পাঠিয়ে সংগঠন তৈরি করার মরিয়া চেষ্টা চলছে। আবার অসমের শিলচরের প্রাক্তন কংগ্রেস সাংসদ সুস্মিতা দেবকে রাজ্যসভায় পাঠিয়ে অসমের রাজনীতিতে ইনিংস শুরু করার পথে বাংলা শাসকদল। সম্প্রতি গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীর তৃণমূলে যোগদানের ফলে সেই রাজ্য সংগঠন বিস্তারের কাজ শুরু হয়েছে। সেখানে ২০২২ সালের নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল। পশ্চিমবঙ্গে যেহেতু তিন দশকের বামফ্রন্ট সরকারের পতন ঘটিয়ে ক্ষমতায় এসেছিলেন মমতা। সেই ভাবমূর্তিকে কাজে লাগিয়েই কেরলে সংগঠন বিস্তারের চেষ্টা শুরু করেছে প্রশান্ত কিশোরের আইপ্যাক।
অসম, কেরল ও ত্রিপুরায় বিধানসভা নির্বাচন এখন কয়েক বছর বাকি থাকলেও, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে গোয়া বিধানসভার ভোট। প্রশান্ত কিশোর, মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গোয়ার নির্বাচন হতে চলেছে লিটমাসের প্রথম পরীক্ষা। সূত্রের খবর, এখন থেকে সংগঠন বাড়িয়ে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দেশের রাজনৈতিক মঞ্চে মমতা কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি তৈরি করাই এই সব রাজ্যের তৃণমূলের প্রধান কৌশল। যাতে আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দেশের রাজনৈতিক মঞ্চে বিকল্প মুখ হতে পারেন মমতা। তবে এই পাঁচ রাজ্যে কোনওভাবেই লোকসভা ভোটের কথা উচ্চারণ করবে না তৃণমূল। বরং ত্রিপুরা-অসমের মতো রাজ্যগুলিতে স্থানীয় সমস্যা ও বিজেপি সরকারের ব্যর্থতাকেই হাতিয়ার করে নিজেদের কার্যসিদ্ধি করতে চায় বাংলার শাসক দল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news