সূর্য সরকার ।
এবার ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের কুড়ি জন প্রভাবশালী তালিকার মধ্যে জায়গা করে নিলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। সম্প্রতি বিশ্বের বহুল চর্চিত ফোর্বস ম্যাগাজিন (Forbes Magazine) ২০২০ সালের ২০ জন প্রভাবশালী ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করেছে। তার মধ্যে ১৫ নম্বরে জায়গা পেয়েছেন ভারতবর্ষের রাজনৈতিক কৌশলগত বিশেষজ্ঞ প্রশান্ত কিশোর। ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা আই প্যাকের মেন্টর হিসেবে প্রশান্ত কিশোরের মূল পরিচিতি। অন্যদিকে জনতা দল ইউনাইটেডের সহ-সভাপতি তিনি। প্রথমে বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধে গুজরাটের বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদির জয়ের কারিগর প্রশান্ত কিশোর (Prashant Kishor)।পরবর্তী সময়ে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে মোদী তথা বিজেপির নির্বাচনী কৌশল রচনা করেছিলেন এই রাজনৈতিক বিশেষজ্ঞ।
বর্তমানে বাংলায় শাসকদল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কৌশলগত পরামর্শদাতা হিসেবে কাজ করছেন প্রশান্ত। অন্যদিকে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালকে দ্বিতীয়বারের জন্য মসনদে বসানোর দায়িত্ব পেয়েছেন তিনি। এছাড়াও, তামিলনাড়ুতে ডিএমকের হয়েও ব্যাটন ধরেছেন প্রশান্ত কিশোর। সব মিলিয়ে তাঁর ক্যারিয়ার গ্রাফ এখন ঊর্ধ্বমুখী। জাতীয় রাজনীতিতে পলিটিকাল স্ট্রাটেজি নির্ধারণে তাঁর বুদ্ধির ‘দাম’ দিচ্ছে তাবড় তাবড় রাজনৈতিক দল। স্বাভাবিকভাবেই ফোর্বস ম্যাগাজিনের তালিকায় ২০২০ সালের বিশ্বের কুড়ি জন প্রভাবশালী নামে ঢুকে পড়েছেন ৪২ বছর বয়সী এই তারকা রাজনৈতিক বিশেষজ্ঞ। তবে শুধু প্রশান্ত কিশোর নয়।
এই তালিকায় ৯ নম্বরে নাম রয়েছে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রর (Mohua Moitra)। ২০১০ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন মহুয়া। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে নদিয়া জেলার করিমপুর থেকে জিতে বিধায়ক হন। কিন্তু, ২০১৯ সালের লোকসভা ভোটে কৃষ্ণনগর থেকে সাংসদ হয়ে দিল্লি গিয়েছেন। সংসদের প্রথম বক্তৃতায় ঝড় তুলে সকলের নজর কেড়েছেন তিনি। এবার ফোর্বসের সেরা ব্যক্তিত্বদের তালিকায় স্থান পেলেন এই তৃণমূল সাংসদ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news