নীল রায়:
সভাপতি রাহুল গাঁধীর মনের কথা বুঝে প্রদেশ কংগ্রেস নেতারাও লোকসভা ভোটে “একলা চলো”র পক্ষে সওয়াল করলেন। শুক্রবার বিধান ভবনে প্রদেশ নেতাদের মনের কথা জানতে বৈঠকে বসেন পর্যবেক্ষক গৌরব গগৈ। সেখানেই রাজ্য কংগ্রেসের নেতারা প্রায় সকলেই একা লড়াইয়ের পক্ষে সওয়াল করেন। সভা শেষে পর্যবেক্ষক গৌরব গগৈ জানান, রাজ্যের বার্তা এআইসিসি সভাপতি রাহুল গাঁধীর কাছে পৌঁছে দেবেন তিনি।
গত সেপ্টেম্বর মাসে দায়িত্ব নেওয়ার পর প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বারবার “একলা চলো”র কথা বলে এসেছেন। মনে করা হচ্ছে এবার একক ভাবে লড়াইয়ের সায় দিতে চলেছে চলেছে এআইসিসিও। তৃণমূলের সঙ্গে যাতে কোনোভাবেই হাইকমান্ড জোট না করেন সে ব্যাপারে গগৈকে বিশেষ অনুরোধ করেছে প্রদেশ নেতারা। এর পাল্টা তাঁরা যে সিপিএমের সঙ্গে জোটের কথা বলবেন না সে ব্যাপারে আশ্বাস দিয়েছেন সোমেন মিত্র, প্রদীপ ভট্টাচার্যরা। তাঁদের যুক্তি, তৃণমূলের সঙ্গে জোট করলে কংগ্রেসের রাজনৈতিক ভিত্তি নষ্ট হয়ে যাবে বাংলায়। সেই সুযোগে এ রাজ্যে বিজেপির বাড়বাড়ন্ত আরও পোক্ত হবে বলেই বৈঠকে দাবি করা হয়েছে। গগৈ বাংলার নেতাদের জানিয়ে দেন, তাঁদের দাবি রাহুল গাঁধীর কাছে পৌঁছে দেবেন। কিন্তু শেষ সিদ্ধান্ত নেবেন সভাপতি। এ বিষয়ে সব নেতাই গৌরব গগৈয়ের সঙ্গে সহমত পোষণ করেছেন।
আপাতত পশ্চিমবঙ্গে কংগ্রেসের ভোটব্যাঙ্ক ২ শতাংশে নেমে এসেছে। একক ভাবে লড়াই করে সেই পরিস্থিতিকে উপরে তুলে আনার চেষ্টা করবে প্রদেশ কংগ্রেস। সে ক্ষেত্রে রাহুল গাঁধী ও প্রিয়াঙ্কা গাঁধীকে এ রাজ্যে এনে প্রচার করা যায় কিনা সে ব্যাপারেও আইসিসিকে ইতিমধ্যে অনুরোধ করেছেন সোমেন মিত্ররা। ঘটনাচক্রে এদিন বৈঠকে আসেননি বহরমপুরের সংসদ তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তা নিয়েও জল্পনার অন্ত নেই। তবে একটা ব্যাপারে সকলেই একমত যে এদিন কোনও জোট ছাড়াই যে লড়াইয়ের প্রস্তাব কংগ্রেস নেতারা এআইসিসির নেতৃত্বে সামনে রেখেছে তাতে সমর্থন রয়েছে অধীর চৌধুরীর।
বৈঠক শেষে সোমেন মিত্র বলেন, বামেরা কেন জোট ভাঙল তা আমাদের কাছে স্পষ্ট নয়। পরে যদি বামেদের প্রস্তাব আসে তবে ভেবে দেখা যেতে পারে। তবে আমি এখন একলা চলার পক্ষপাতী সেটা গৌরব গগৈকে জানিয়ে দিয়েছি।” সোমেন আরও জানিয়েছেন, জেলা কংগ্রেস সভাপতিদের সঙ্গে বৈঠক করে তাঁদের অবস্থান জেনে সিদ্ধান্তে আসতে চান তিনি। বৈঠকের পর পর্যবেক্ষক গৌরব গগৈ জানিয়েছেন, সোমেন মিত্র সহ অনেক কংগ্রেস নেতাই লোকসভা ভোটে একলা চলার পক্ষপাতী। তবে বিকল্প ভাবনার রাস্তাটিও একেবারে বন্ধ হয়ে যাচ্ছে না । সে বিষয়ে রাহুল গাঁধীর সঙ্গে কথা বলবেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news