চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
দিল্লির নিজামুদ্দিনে (Nizamuddin) তবলিকি জামাত সমাবেশের পরে দেশের নানান প্রান্তে ছড়িয়ে পড়া মুসলিম ধর্মপ্রচারকদের খুঁজতে গিয়ে বিহারের মধুবনিতে পাথরবৃষ্টির মুখে পড়ল পুলিশ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে। পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার তিন জন। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ওইদিন মধুবনি জেলার গির্দারজং গ্রামে আন্ধারাথারি এলাকায় একটি মসজিদে তল্লাশি চালাতে গেলে জনরোষের সম্মুখীন হতে হয় পুলিশবাহিনীকে। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় পাথর ছোড়া।
এ প্রসঙ্গে ঝঞ্ঝারপুরের ডিএসপি অমিত সরণ বলেছেন, “খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় অতিরিক্ত পুলিশবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পরে ঘটনায় জড়িত সন্দেহে তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।” বিহারের ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডে জানিয়েছেন, গোটা ঘটনার উপরে নজর রাখছে পুলিশ। নিজামুদ্দিনের জামাতে অংশগ্রহণকারী বিহারের ৮৬ জন বাসিন্দা এবং ৫৭ জন বিদেশিকে খুঁজে বের করার চেষ্টা চলছে। এ অবধি মোট ৪৮ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
ছবি সৌজন্য : এএনআই
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news