সূর্য সরকার।
দ্বিতীয়বার দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর আজ শনিবারই প্রথমবার শহরে পা রাখছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। চলতি সফরে একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি বঙ্গ বিজেপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবেন তিনি। সেই সঙ্গে বিজেপি ঘনিষ্ঠ বুদ্ধিজীবিদের সঙ্গেও আলাদাভাবে কথা বলার কর্মসূচি রয়েছে তাঁর। প্রধানমন্ত্রীর সফর ঘিরে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য নিশ্ছিদ্র নিরাপত্তার বন্দোবস্থ করেছে রাজ্য প্রশাসন।
প্রথমে ঠিক ছিল আজ বিকেল পাঁচটার সময়ে দমদম বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে যাবেন বিবাদী বাগে ওল্ড কারেন্সি ভবনে। কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইন, এনআরসি ও জেএনইউ কাণ্ডের প্রতিবাদে প্রধানমন্ত্রীকে কালো পতাকা দেখানোর কর্মসূচি নিয়েছে বাম ছাত্র-যুবরা। ফলে সফরসূচিতে শুক্রবার রদবদল ঘটানো হয়েছে। প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে জানানো হয়েছে, বিকেল পাঁচটার পরিবর্তে সাড়ে তিনটের সময়ে সময়ে দমদম বিমানবন্দরে অবতরণ করবে প্রধানমন্ত্রীর বিমান। দমদম বিমানবন্দরে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন কলকাতার মহানাগরিক তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
বিমানবন্দর থেকে সেখান থেকেই আকাশপথে রেসকোর্স হেলিপ্যাডে যাবেন মোদি। হেলিপ্যাড থেকে সড়কপথে বিকেল পাঁচটা নাগাদ পৌঁছবেন বিবাদী বাগের ওল্ড কারেন্সি ভবনে। পুরাতত্ত্ব সর্বেক্ষণের একটি প্রদর্শনীর উদ্বোধন করবেন। ওল্ড কারেন্সি ভবনের অনুষ্ঠান শেষে সন্ধ্যা সাতটা নাগাদ মিলেনিয়াম পার্কে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে কলকাতা বন্দর কর্তৃপক্ষের অনুষ্ঠানে যোগ দেবেন। হাওড়া সেতুর ‘লাইট অ্যান্ড সাউন্ড’ বা আলোকধ্বনির উদ্বোধন করবেন। ওই অনুষ্ঠান শেষে জলপথে বেলুড়ে যাবেন। বেলুড় থেকে ফিরে যাবেন রাজভবনে। রাজ্যপাল জগদীপ ধনকর প্রধানমন্ত্রীর সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন। সেই নৈশভোজে যোগ দেবেন তিনি।
পরদিন অর্থাৎ রবিবার সকালে বাছাই করা কয়েকজন অতিথির সঙ্গে প্রাতঃরাশ সারবেন মোদী। পরে রাজ্য বিজেপির এক প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন তিনি। বেলা ১১টার সময় নেতাজি ইন্ডোরে কলকাতা বন্দরের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। নেতাজি ইন্ডোরের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও (Mamata Banerjee)। কলকাতা বন্দরের অনুষ্ঠান শেষে দিল্লি ফিরে যাবেন মোদী। প্রধানমন্ত্রীর সফরসূচির সময়ে যাতে অশান্তির কোনও ঘটনা ঘটে, তার জন্য বিশেষ নিরাপত্তার বন্দোবস্থ করেছে কলকাতা ও রাজ্য পুলিশ। যেখানে-যেখানে মোদীর যাওয়ার কথা, সেখানে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news