প্রসেনজিৎ মাহাতো। কাতার বিশ্বকাপের টাকা–পয়সা নয়ছয়ের তদন্তের জন্য গ্রেপ্তার উয়েফার প্রাক্তন প্রেসিডেন্ট এবং ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার মিশেল প্লাতিনিকে। ফরাসি পুলিশের দুর্নীতিদমন শাখার হেফাজতে রাখা হয়েছে। যা নিয়ে কঁাপছে ফ্রান্সের ফুটবল মহল। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ বেছে নেওয়ার জন্য ২০১০ সালে ফিফা কংগ্রেসের বৈঠকের বেশ কিছুদিন আগে ফিফা সভাপতি শেপ ব্লাটারের সঙ্গে প্লাতিনির ‘শান্তি চুক্তি’ করেছিল, যাতে মার্কিন যুক্তরাষ্ট্র ২০২২ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পায়। মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তাদেরও প্লাতিনি কথা দিয়েছিলেন মার্কিনিদের পক্ষে ভোট দেবেন। ২০১০–এর নভেম্বরে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির বাড়িতে কাতারের রাজপুত্র তামিন বিন হামাদ আল–থানি, সারকোজির সঙ্গে বৈঠক করেন প্লাতিনি। এই বৈঠকের পরই মত বদল করেন তিনি। ২০১০–এর ডিসেম্বরে ২০২২ বিশ্বকাপ আয়োজক দেশ বেছে নেওয়ার জন্য যে বিড হয়েছিল, তাতে কাতারের সপক্ষে ভোট দেন প্লাতিনি। উয়েফার অধীনে থাকা অন্যান্য দেশকেও ভোট দিতে উদ্বু্দ্ধ করেছিলেন। সারকোজির বাড়িতে বৈঠকের পর তিনি যে মত বদলেছিলেন সে কথা আগেই অস্বীকার করেছিলেন প্লাতিনি। এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘সারকোজি আমাকে কাতারের পক্ষে ভোট দেওয়ার কথা বলেননি। কিন্তু জানতাম কোনটা বেটার হবে।’ ফিফা সভাপতি শেপ ব্লাটারকে প্লাতিনি নাকি বলেছিলেন ফরাসি দেশপ্রধানের স্বার্থে তাঁকে সিদ্ধান্ত বদলাতে হচ্ছে। তখনই তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে আর্থিক ও অন্যান্য সুবিধের বিনিময়ে তিনি কাতারের পক্ষে ভোট দিয়েছেন। প্লাতিনির ছেলে লোরেন্ত কাতারের এক ক্রীড়া পোষাক প্রস্তুতকারী সংস্থার উচ্চপদে যোগ দেওয়ার পর দুর্নীতির বিষয়টা আরও জোরালো হয়ে ওঠে। শুধু তাই নয়, কাতার ওই সময় ফ্রান্সের কাছ থেকে ৫০টি ফ্যামিলি বিমান কিনেছিল। কাতার স্পোর্টস বিনিয়োগকারী সংস্থা প্যারিসের ক্লাব বড় অঙ্কের অর্থ লগ্নি করেছিল। এসবই দুর্নীতিকে আরও জোরালো করে তুলেছিল। ২০১৫ সালে আর্থিক দুর্নীতির দায়ে প্লাতিনিকে ৪ বছরের জন্য নির্বাসিত করে ফিফা। প্লাতিনির পর প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির পরামর্শদাতা সোফিয়ে ডিওনের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। যদিও তাঁকে এখনও গ্রেপ্তার করা হয়নি। সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয়েছিল সারকোজির প্রাক্তন সেক্রেটারি জেনারেল ক্লাউডে গুয়েয়ান্টকে। তাঁকেও জিজ্ঞাসাবাদ করেছে ফরাসি পুলিশের দুর্নীতিদমন শাখা। কাতার ২০২২ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার পরই বিতর্ক দেখা দেয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news