নীল রায়।
তাঁর অনুপস্থিতি কিছুটা প্রত্যাশিতই ঠেকেছে ! তিনি আর কেউ নন, নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক তথা পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ও নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জোড়া সাংগঠনিক বৈঠক ছিল তৃণমূল নেতৃত্বের। ‘বার কোড’ দেওয়া কার্ড দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল তৃণমূল (TMC) বিধায়ক সহ বাছাই করা দলীয় নেতাদের। প্রায় ৯৯ শতাংশ বিধায়ক – নেতারাই উপস্থিত। প্রশান্ত কিশোরের (Prashant Kishor) মস্তিষ্কপ্রসূত ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচির সূচনা হল এদিন। এই কর্মসূচিতে দলের তরফে যে পুস্তিকা সরবরাহ করা হয়েছে তাতে বলা হয়েছে, ২ মার্চ থেকে ১০ মে পর্যন্ত চলবে এই কর্মসূচি। এই কর্মসূচির আওতায় দলীয় নেতা ও কর্মী পশ্চিমবঙ্গের প্রায় আড়াই কোটি মানুষের কাছে পৌঁছবেন তাঁরা।
গত বছর ২৯ জুলাই নজরুল মঞ্চে পিকের প্রথম উদ্যোগ ‘দিদিকে বলো’ কর্মসূচি শুরু হয়েছিল তৃণমূল বিধায়কদের জন্য। লক্ষমাত্রা স্থির হয়েছিল, ২০১৯ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ১০ হাজার গ্রামে তৃণমূল কর্মীদের পৌঁছে যাওয়ার। সেই কর্মসূচি পালন করেননি শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়কের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিল,’দলনেত্রী স্বয়ং তাঁর কাছে জানতে চেয়েছিলেন কেন তিনি দিদিকে বলো কর্মসূচি পালন করছেন না ?’ জবাবে এই ডাকাবুকো নেতা দিদিকে বলেছিলেন, নেত্রী সিঙ্গুর ও নন্দীগ্রামে কৃষি জমি বাঁচানোর আন্দোলন করেছিলেন। লোকসভায় গেরুয়া ঝড়ে সিঙ্গুরে পালাবদল হয়ে বিজেপি এগিয়ে গিয়েছিল ১০,৭৭০ ভোটে। কিন্তু, নন্দীগ্রামে মমতার নাম নিয়েই তিনি ৯৩ হাজার ভোটের ব্যবধান এনে দিয়েছেন দলকে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কারও নাম বা কৌশলের আশ্রয় তাঁর প্রয়োজন নেই। তৃণমূল সুপ্রিমোও শুভেন্দুর যুক্তিতেই সায় দিয়েছিলেন। ফলে ‘দিদিকে বলো’-র ঝুঁকি আর তাঁকে পোয়াতে হয়নি।
প্রায় আট মাস পর নতুন কর্মসূচি নিয়ে হাজির ভোটগুরু প্রশান্ত কিশোর। ‘দিদিকে বলো’র পরিবর্তে এবার তাঁর কর্মসূচির নাম ‘বাংলার গর্ব মমতা’। সূচনালগ্নেই গরহাজির শুভেন্দু। বার্তা স্পষ্ট, এই কর্মসূচিতেও অংশ নেবেন না শিশির অধিকারীর এই রাজনৈতিক উত্তরসূরী। চলবেন নিজের মতোই। সোমবার বিকেলে হেলিকপ্টারে মালদহে যাওয়ার সূচি ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী মালদহের মাটি ছোঁয়ার কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের এক প্রবীণ বিধায়কের কথায়, “শুভেন্দু অধিকারী তৃণমূলের অর্জুন। ওঁর লক্ষ্য চক্রকার বৃত্তে ঘোরা মাছের চোখে। সেই লক্ষ্যভেদের রণনীতি কোনও প্রশান্ত কিশোর ঠিক করে দেবে না। নন্দীগ্রামের আন্দোলন থেকে উঠে আসা নেতা নিজেই তা করে নিতে পারবে বলেই আমার বিশ্বাস।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news