চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
সকাল থেকে দুই তিনবার অনলাইন সংস্থাগুলির স্ট্যাটাস দেখে নিয়েছেন বেহালার বাসিন্দা সৌমিত্র পাল। বেশ কিছু প্রয়োজনীয় জিনিস অমিল। স্থানীয় বাজারেও খোঁজ করেছেন তিনি। পান নি সেখানেও। পাঁচজনের পরিবার তাঁর। যতটা পাচ্ছেন সেটুকু মোটেই যথেষ্ট নয়। একই অবস্থা বারাসাতের সোনালী বিশ্বাসের। অনলাইন সংস্থাগুলির স্লটের দিকে তাকিয়ে হাঁ করে বসে রয়েছেন। না পাওয়া যাচ্ছে স্লট না জিনিস।
পাড়ার পরিচিত দোকানদার বলেই দিয়েছেন একটা বেশি বিস্কিটের প্যাকেট দিতে পারবে না। বাড়িতে এতগুলি লোক রয়েছে। রয়েছে বাচ্চাও। কীভাবে ম্যানেজ করবেন ব্যাপারটা বুঝতেই পারছেন না সোনালী । শুধু বেহালা বা বারাসাত নয়। সারা দেশেই লকডাউনের জেরে বাজার থেকে হাওয়া বেশ কিছু অত্যাবশ্যকীয় জিনিস।চাল, ডাল আটা তো বটেই পাওয়া যাচ্ছে না বিস্কিট, ম্যাগি নুডলস এর মতো জিনিসও। চাহিদা আর যোগানের মধ্যে বিপুল ফারাক তৈরি হয়েছে। এই সময় চাহিদা রয়েছে আকাশছোঁয়া কিন্তু যোগান তার তুলনায় অনেক কম। মধ্যপ্রদেশ, রাজস্থান , মহারাষ্ট্রের বেশ কিছু ডাল কারখানা বন্ধ। এই জায়গাগুলি থেকে ডাল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে।
অন্যদিকে ফাস্ট মুভিং কনজিএমার গুডস বা এফএমজিসি-এর আওতায় যে সব জিনিস পড়ে যেমন সফট ড্রিঙ্কস, ক্যাডবেরি, চিপস, বিস্কিট টয়লেট সামগ্রী সংক্রান্ত কারখানাগুলি লোক কমিয়ে উৎপাদন কমিয়ে দিয়েছে। এই সব কারাখানাগুলিতে ২০ থেকে ৩০ শতাংশ লোক নিয়ে কাজ হচ্ছে কারণ এদের বেশিরভাগ কর্মী কর্মক্ষেত্র ছেড়ে নিজের নিজের রাজ্যে ফিরে গিয়েছেন। লোক নেই অতএব কাজ হচ্ছে না। ব্যহত হচ্ছে খাদ্যসরবারাহ ব্যবস্থাও। এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে কী হবে তা নিয়ে চিন্তায় সাধারণ মানুষ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news