Breaking News
Home / TRENDING / মমতার থেকে এখনও শেখার আছে বিরোধীদের

মমতার থেকে এখনও শেখার আছে বিরোধীদের

সুমন ভট্টাচার্য :

বদলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? মেডিক্যাল কলেজ থেকে যাদবপুর, একের পর এক ঘটনা দেখে মনে হচ্ছে না কী এই মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতি মোকাবিলায় অনেক বেশি কূশলী! ভারতী ঘোষের পিছনে আর আদাজল খেয়ে গোয়েন্দারা দৌড়ে বেড়াচ্ছেন না, ছত্রধর মাহাতো জেল থেকে ছাড়া পেয়ে যাচ্ছেন! তৃণমূল সুপ্রিমো কি নিজের ভাবমূর্তিকে বদলে ফেলতে তৎপর?
মমতা বন্দ্যোপাধ্যায়কে যতটুকু চিনি, বা তাঁর রাজনীতি সম্পর্কে যতটুকু অনুমান করতে পারি, তাতে এটা কখনই বিশ্বাস করতে রাজি নই, যে মেডিক্যাল কলেজে ছাত্রদের দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত চন্দ্রিমা ভট্টাচার্য একা একা নিয়েছেন! কিংবা যাদবপুরে অ্যাডমিশন টেষ্ট ফিরিয়ে আনার সিদ্ধান্তের বিরুদ্ধে সরকারী তরফে কোনও হস্তক্ষেপ না করার বুদ্ধিটা তৃণমূলের মহাসচিবের। এই সব কিছুর পিছনেই আসলে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের পোড় খাওয়া রাজনীতিকের মস্তিষ্ক রয়েছে।
এবং এই কারণেই রাজনৈতিক ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে মোকাবিলা করা এত কঠিন। তিনি দ্রুত সিদ্ধান্ত নেন, একা সিদ্ধান্ত নেন এবং সিদ্ধান্তের প্রয়োগে দেরি করেন না। দূর্জনেরা বলতে পারেন, সেটা যেহেতু তাঁকে কোনও রাজ্য সম্পাদকমন্ডলী কিংবা পলিটব্যুরোর মতামতের তোয়াক্কা করতে হয় না। ব্যক্তিকেন্দ্রিক যে কোনও রাজনৈতিক দলের এটা যেমন দূর্বলতা, তেমনই শক্তি হিসাবেও ফিরে আসতে পারে।
এবং যখন শক্তি হিসাবে ফিরে আসে, তখন অ্যাডভান্টেজ মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক এই কারণেই এখনও পর্যন্ত গেরুয়া শিবির পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টক্করে পিছিয়ে থাকছে। তৃণমূল নেত্রী যে মেদিনীপুরের হাসপাতালে যাবেন এবং মোদীর সভায় এসে আহত হওয়া বিজেপি কর্মী সমর্থকদের জন্য টাকা দেওয়ার কথা ঘোষণা করে যাবেন, এমনতর পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠতম সঙ্গীরাও জানতো না। আপনি কখনও ভাবতে পারেন, বিজেপির কোনও রাজ্যনেতা, ধরুন দিলীপ ঘোষ, ভাঙড় আন্দোলনের অবিচ্ছেদ্য মুখ অলীক চক্রবর্তীকে জেল থেকে মুক্তির সময় মালা দিয়ে স্বাগত জানাচ্ছেন? অলীক কতটা নকশাল কিংবা কতটা ‘দেশদ্রোহী’, সেইটা ভেবেই রাজ্য বিজেপির কোনও নেতা গিয়ে উঠতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মেদিনীপুরের হাসপাতালে যাওয়ার আগে ভাবেননি, যাঁরা নরেন্দ্র মোদীর সভাতে গিয়ে আহত হয়েছিলেন, তাঁরা যাওয়ার আগে বা সভাস্থলে কতবার তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দিয়েছিলেন। ইংরেজিতে যাকে বলে ‘ফ্লেক্সিবিলিটি’, সেইটা মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর রাজনীতিতে রোজ করে দেখাতে পারেন।
এই পর্যন্ত পড়ে যে সব তথাকথিত হিন্দুত্ববাদী রে রে করে তেড়ে আসবেন, তাঁদের বিনীতভাবে মনে করিয়ে দিতে চাই, নরেন্দ্র মোদীও এটা জানেন বলেই হঠাৎ করে পাকিস্তানে নওয়াজ শরিফের নাতনির বিয়েতে পৌঁছে যেতে পেরেছিলেন। আপনাকে যদি সব সময় কোনও আলিমুদ্দিন বা কোনও অন্য ‘নিয়ন্ত্রক’ সংস্থার অনুমতির অপেক্ষায় থাকতে হয়, তাহলে বাস্তবের রাজনীতিতে আপনি গোল খাবেনই। আর বিপক্ষে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ‘কোচ’হীন স্ট্রাইকার থাকেন, তাহলে তো মহাবিপদ।
ফেসবু্কেই যাঁরা লেনিনকে ফিরিয়ে আনবেন, এবং স্তালিনীয় আদর্শে ফের পশ্চিমবঙ্গে সরকার চালাবেন, এমনতর আদর্শের কথা বলে চলেছেন, তাঁদের জন্য আর একটি বিনম্র নিবেদন। শুনেছি যে, আসল সত্যিটা নাকি মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ঘনিষ্ঠতম সহযোগীদের, (পড়ুন মহাসচিব এবং অন্য ল্যাম্পপোষ্টদের) মেডিক্যালের ছাত্র আন্দোলনের সম্পর্কে মনে করিয়ে দিয়েছিলেন। সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র যখন গিয়ে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ান, তখন তৃণমূলের যেসব নেতারা মমতাকে সিপিএমের পরিকল্পনা বিষয়ে বলতে গিয়েছিলেন, তাঁদেরকেই নাকি মূখ্যমন্ত্রী সূর্যকান্ত মিশ্রের স্বাস্থ্যমন্ত্রী হিসাবে পারফরমেন্স এবং তিনি রাজ্যের স্বাস্থ্যব্যবস্থাকে ঠিক কোথায় পৌঁছে দিয়ে গিয়েছিলেন, তা মনে করিয়ে দিয়েছেন। মমতা জানেন, রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থা, যার প্রতীক মেডিক্যাল কলেজের ছাত্রদের হোষ্টেলও, তার দায় একা তাঁর নয়। সূর্যকান্ত মিশ্র এবং সিপিএম কতটা এনপিএ বা নন পারফর্মিং অ্যাসেট, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন।
সিপিএমকে ভুলে যান, মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে নজর রাখুন। যদি আপনি তাঁর রাজনীতির বিরোধীও হন, তাহলেও তাঁর কাছ থেকেও শিখুন, কিভাবে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, কিভাবে দ্রুত মানুষের কাছে পৌঁছাতে হয়। মঞ্চে কিংবা মিছিলে সেলফি তোলার ওয়ার্কশপটা না হয় পরেই করলেন।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *