নিজস্ব সংবাদদাতাঃ
আপনি কি বার বার ফিরে আসেন ভাঙা সম্পর্কে? আপনি কি অবসাদগ্রস্থ? সেটাই স্বাভাবিক। কারণ দুই ঘটনার যোগসূত্র গভীর। কারণ বার বার সম্পর্ক ভাঙা এবং ফিরে আসা মানসিক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এমনটাই জানাচ্ছেন গবেষকেরা।
ইউনিভার্সিটি অব মিসৌরি, কলম্বিয়ার একদল চিকিৎসক বিস্তারিত গবেষণার পর জানাচ্ছেন যে সম্পর্ক ভাঙা স্বাভাবিক ঘটনা। তাতে করে জীবন-অভিজ্ঞ হয় মানুষ। কিন্তু একই সম্পর্ক বার বার ভাঙা এবং সেই সম্পর্কেই বারংবার ফিরে আসা থেকে একধরনের নিরাপত্তাহীনতা তৈরি করে অবচেতন মনে। যা থেকে অবসাদগ্রস্ত হয়ে পড়ার সম্ভাবনা থাকে। এদিকে নতুন প্রজন্মের ৬০%-এর প্রবণতা ‘অন-অফ’ সম্পর্কে। সে কারণেই এই প্রজন্মের মধ্যে বাড়ছে অবসাদ। কিন্তু সম্পর্ক বার বার ভেঙে যায় কেন?
বিশেষজ্ঞদের মতামত, বাস্তববোধের অভাবে। সে কারণেই অধিকাংশ ‘অন-অফ’ রিলেশানশিপ গড়ে ওঠে যুবক-যুবতীদের মধ্যে। যারা সাময়িক ভালো লাগা থেকে সম্পর্কে জড়িয়ে যায়, কিন্তু কিছুদিন পর বাস্তব জীবনের মুখোমুখি পড়ে হিমসিম খায়। এবং পালিয়ে আসে সম্পর্ক থেকে। যদিও ছেলেটির থেকে মেয়েটি বা মেয়েটির থেকে ছেলেটি দূরে থেকেও ভালো থাকে না। অনেক ক্ষেত্রে নিজের ভুল উপলব্ধি করে, এবং ফের সম্পর্ক গড়ে তোলে। এভাবেই একাধিক বার এমন কাণ্ড ঘটিয়ে চলে এরা। এই ঘটনা ছেলেটির বা মেয়েটির মনের উপর বিরাট চাপ তৈরি করে। মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ে। অতএব স্পষ্ট, ‘অন-অফ’ সম্পর্ক মানসিক স্বাস্থ্যের জন্য মোটেই ভালো নয়।
অতি গুরুত্বপূর্ণ গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে ‘জার্নাল অব ফ্যামিলি রিলেশনস’-এ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news