চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ববির বদলি কি বাবুল! কলকাতার মেয়র পদে কি শেষ পর্যন্ত বসতে চলেছেন প্রাক্তন বিজেপি-র কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়?
বিশ্বস্ত সূত্রে খবর আসানসোলের প্রাক্তন সাংসদকে কলকাতা পুর নির্বাচনে ভোটের ময়দানে নামাতে চলেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। উত্তর কলকাতা লোকসভার জোড়াসাঁকো বিধানসভার অধীন ৩৮ নম্বর ওয়ার্ডের ভোটার বাবুল সুপ্রিয়। অবশ্য হাওড়া ও হুগলি জেলাতেও বাবুলের বাসস্থান রয়েছে। ‘ফার্স্ট ইলেভেনে’ খেলতেই তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল। বিজেপি ছেড়ে বাংলার শাসক দলে যোগদানের পর থেকে বারবার এই কথাটি বলে এসেছেন এই গায়ক রাজনীতিক।
আগামী ডিসেম্বর মাসেই রাজ্যে পুরভোট। তা ছাড়া রাজ্য মন্ত্রিসভার সদস্য হতে গেলে আগামী ৬ মাসের মধ্যে বাবুলকে রাজ্যের যে কোনও একটি বিধানসভা কেন্দ্র থেকে জিতে বিধায়ক হতে হবে। আর এই মুহূর্তে রাজ্য বিধানসভার কোনও আসন খালি নেই। যে চারটি আসন খালি রয়েছে, তাতে ভোট হচ্ছে আগামী ৩০ অক্টোবর। তাই তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, বাবুলকে কলকাতার মেয়র পদে বসিয়ে উপযুক্ত পুনর্বাসন দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমন একটি শর্তেই নাকি তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল। ইতিমধ্যে সাংসদ পদে ইস্তফা দিয়ে নতুন দায়িত্ব পাওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি। তবে কলকাতা পুরসভার পুরপ্রশাসক ফিরহাদ হাকিম ভবানীপুর বিধানসভার উপনির্বাচনে তিনটি ওয়ার্ড থেকে মুখ্যমন্ত্রীকে বিরাট লিড পাইয়ে দিয়ে ফের মেয়র পদে বসার দৌড় শুরু করেছেন।
কিন্তু, ফিরহাদ হাকিমের ফের মেয়র পদের বাসনায় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে প্রশান্ত কিশোরের আইপ্যাক। সূত্রের খবর, তারা তৃণমূল শীর্ষ নেতৃত্বকে যে রিপোর্ট দিয়েছেন, তাতে মেয়র হিসেবে নতুন কাউকে বসানোর সুপারিশ করা হয়েছে। তাই ফিরহাদ হাকিমের বদলে মেয়র পদে বাবুলের অভিষেক হলে অবাক হওয়ার কিছুই থাকবে না। সব ঠিকঠাক চললে আগামী ডিসেম্বর মাসেই বড়দিনের ছুটিতে পুরভোট হবে। আর সেই ভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় থাকতে পারেন বাবুল সুপ্রিয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news