নীল রায়। লিখিত নির্দেশ না পেলে কোনও সিদ্ধান্ত নয়! সাফ জানিয়ে দিলেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত। সোমবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ইঙ্গিত দেন, পদত্যাগ করতে বলা হবে সব্যসাচীকে। রটে যায় পুরমন্ত্রী ফোন করে সব্যসাচী দত্তকে মেয়র পদ ছাড়তে নির্দেশ দিয়েছেন। কিন্তু সব্যসাচী দত্ত জানিয়েছেন, তাঁকে দলের পক্ষ থেকে কোন নির্দেশ দেওয়া হয়নি। সঙ্গে তাঁর আরও সংযোজন, “ফোনে কোনও নির্দেশ দিলে তা কার্যকর করতে পারব না। যদি কোনও লিখিত নির্দেশ দেওয়া হয়, তবে তা লিখিত আকারে দিতে হবে।” সব্যসাচী এমন হুংকারের পাল্টা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের প্রশ্ন, “ছেলেটি বাবাকে লিখিত নির্দেশ দেবে?” অতএব ধরেই নেওয়া যায় সব্যসাচী সরাসরি সংঘাতেই যাচ্ছে তৃণমূল নেতৃত্বের সঙ্গে। আগামী বুধবার বিধাননগর পুরো নিগমের কর্পোরেশনের চেয়ারপারসন কৃষ্ণা চক্রবর্তীর নেতৃত্বে কাউন্সিলরদের একটি মিটিং ডাকা হয়েছে। সূত্রের খবর, সেই বৈঠকেই সব্যসাচী দত্তের বিরুদ্ধে অনাস্থা আনবেন কাউন্সিলররা। সঙ্গে মেয়র পদে তাপস চট্টোপাধ্যায়ের নাম চূড়ান্ত করা হবে। ১১ জুলাই রাজ্য বিধানসভার অধিবেশন শেষ হচ্ছে। রাজারহাট নিউটাউনের বিধায়ক হওয়ার কারণে অধিবেশনে যোগ দিচ্ছেন সব্যসাচী। অধিবেশন শেষে তিনি যাবেন ইউরোপ বেড়াতে। তাই রাজনৈতিক মহলের ধারণা সব্যসাচী-তৃণমূল নাটকের চিত্রনাট্যে এখনও অনেক খেলা বাকি রয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news