চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ পরপর চার ম্যাচে হারের পর ঘুরে দাঁড়াল কলকাতা নাইট রাইডার্স । ২১ রানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে জয়ের পথে ফিরল কেকেআর। আর এতে বেশ খুশি অধিনায়ক নীতীশ রানা । বুধবারের ম্যাচ শেষে নাইট অধিনায়ক নীতীশ রানা জানান , দলের প্রতি ভরসা ছিল তাঁর । এদিনের এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘বিগত তিন-চার ম্যাচে আশানুরূপ পারফর্ম করতে পারিনি। তবে আমি বরাবরই বলে এসেছি, আমরা যদি দলগতভাবে ভাল খেলি, তাহলে সাফল্য পাবই। লিগ তালিকায় আমরা যেখানেই থাকি না কেন, দলের ওপর আমার আস্থা অটুট ছিল। আমাদের সাজঘরে প্রচুর লোক রয়েছে যারা এই পরিস্থিতিতেও সবসময় দলের সকলকে মনোবল জুগিয়েছেন।’ এদিন নাইট বাহিনির তরুণ স্পিনার সুয়াশ শর্মারও প্রশংসা করেন তিনি । বল হাতে চার ওভারে ৩০ রানের বিনিময়ে দুই উইকেট তুলে নেন সুয়াশ। সুয়াশের প্রসংশায় নিতিশ বলেন, ‘আমরা আজ বোর্ডে বড় রান তোলার পর আশা করছিলাম যে আমাদের স্পিনাররা যেন ওদের চাপে ফেলতে পারে। উইকেটটা তো দেখে বেশ শুকনো বলেই মনে হয়েছিল, তাই ভেবেছিলাম বলও ঘুরবে। বল তেমন স্পিন হয়নি বটে, তবে আমাদের বোলাররা দারুণ বল করেছে। সুয়াশ সবসময় চাপের মুখে এগিয়ে আসে। আশা করছি আজকের মতোই আগামী ম্যাচগুলিতেও আমরা পারফর্ম করতে পারব।’
বুধবারের ম্যাচে ২১ রানে আরসিবি কে পরাজিত করে কেকেআর । পরপর চার ম্যাচে হারের পর জয় পেয়ে বেজায় খুশি নাইট বাহিনী। আর সেই খুশিই প্রকাশ পেল নিতিশ রানার কথায় ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news