ওয়েব ডেস্ক:
কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে ‘অক্ষম’ বলে কটাক্ষ করলেন নীতিশ কুমার। প্রসঙ্গ, বিহারে বিজেপি বিরোধী মহাজোট ভাঙা। উল্লেখ্য, ২০১৫ সালে বিহারে বিধানসভা নির্বাচনের সময় বিজেপি বিরোধী মহাজোট হয়েছিল। সেই জোটে জেডিইউ ছাড়াও ছিল কংগ্রেস ও আরজেডি। বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ওই জোট ক্ষমতায় আসে। বিহারের মুখ্যমন্ত্রী হন নীতিশ কুমার। এইসঙ্গে উপ-মুখ্যমন্ত্রী হয়েছিলেন আরজেডির তেজস্বী যাদব। ২০১৭ সাল নাগাদ তেজস্বীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। তেজস্বীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিবিআই। তখনই জোট ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন নীতিশ। ইস্তফা দেন। এরপর বিজেপির সঙ্গে জোট করে মুখ্যমন্ত্রী হন নীতিশ।
সম্প্রতি নীতিশ কুমার জানিয়েছেন, রাহুলের ‘অক্ষমতা’র জন্যই তাঁকে জোট ছাড়তে হয়েছিল। নীতিশের অভিযোগ, উপ-মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পরও রাহুল প্রতিবাদ করেননি, ব্যবস্থা নেননি।
বিহারের মুখ্যমন্ত্রী জানান, জোট ছাড়ার পর বিজেপি তাঁকে সমর্থনের প্রস্তাব দেয়। বিহারবাসীর মঙ্গলের জন্যই তিনি বিজেপির হাত ধরেছিলেন। এইসঙ্গে নীতিশ জানিয়েছেন, নরেন্দ্র মোদী সরকার তাঁকে যথেষ্ট সাহায্য করছে। তাহলে এবার বিজেপি সঙ্গে থাকলেন না কেন? নীতিশ কুমারের বক্তব্য, রামমন্দির-সহ একাধিক ইস্যুতে বিজেপির সঙ্গে তাঁর মতভেদ আছে। যদিও একসঙ্গে কাজ করতে তিনি বদ্ধপরিকর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news