সূর্য সরকার
কলকাতায় তৈরি করা হবে নতুন আরও একটি সেতু। আর জি কর হাসপাতালের সামনে যান চলাচল আরও বেশি মসৃন করার জন্য এই সেতু তৈরির সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আর জি কর রোডে সার্কুলার ক্যানালের ওপর তৈরি করা হবে এই সেতুটি। একদিকে ক্যানাল ওয়েস্ট রোড ও অন্যদিকে রাইচরণ সাধুখাঁ রোডকে সংযোগ করবে এই সেতু। সেতু তৈরির জন্য বিভিন্ন সংস্থার কাছ থেকে দরপত্র আহ্বান করেছে কেএমডিএ। আপাতত সেতু তৈরির টপোগ্রাফিক সার্ভে ও সেই সঙ্গে ওই এলাকার সঙ্গে সাজুয্য রেখে সেতুর নকশা সহ ম্যাপ কেমন হবে, সেই সব তথ্যই দরপত্রে জানাতে হবে।
অন্যদিকে, সেতুর স্বাস্থ্য পরীক্ষার জন্য এবার বন্ধ হতে পারে সেলিমপুর ব্রিজ। কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, সেলিমপুরের জীবনানন্দ সেতুর স্বাস্থ্য পরীক্ষা করতে চায় তারা। আর সেই কারণে আগামী ১৬ আগষ্ট রাত থেকে ১৮ আগস্ট পর্যন্ত ওই ব্রিজে যান চলাচল বন্ধ রাখার জন্য পুরসভার পক্ষ থেকে কলকাতা পুলিশকে একটি চিঠি দেওয়া হয়েছে। এদিকে এই সেতুটি বন্ধ হলে প্রিন্স আনোয়ার শাহ এবং বাইপাস কানেক্টর যানবাহন চলাচলে বিঘ্ন ঘটবে। ফলে প্রবল যানজটের আশঙ্কা রয়েছে। তাই এই আশঙ্কা থেকে মুক্তি পাওয়া জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে বিকল্প রাস্তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news