চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ভারতের তিন এলাকাকে নিজেদের দাবি করে মানচিত্র প্রকাশ করবে নেপাল (NEPAL)। ভারত লাগোয়া চিন সীমান্তের লিপুলেখ পাসকে বরাবরই নিজেদের বলে দাবি করে এসেছে প্রতিবেশি রাষ্ট্র নেপাল। কালাপানি এলাকায় এই সীমান্ত নিয়ে ভারত ও নেপালের মধ্যে বিতর্ক বহুদিনের। মঙ্গলবার নেপাল সরকারের মন্ত্রিসভার বৈঠকে সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছে। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা (K P Sharma) জানিয়েছেন, প্রধানমন্ত্রী হিসেবে আমার দায়িত্ব দেশের কোন কোন এলাকা মানচিত্রের অন্তর্ভুক্ত সে ব্যাপারে নিশ্চিত করা।
নেপাল সরকারের পক্ষ থেকে যে কোনও দিন কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধুরাকে নিজেদের ভূখণ্ডের অন্তর্ভুক্ত দেখিয়ে নয়া মানচিত্র প্রকাশ করবে। এক্ষেত্রে ব্রিটিশ ইন্ডিয়া সঙ্গে নেপালের হওয়া একটি চুক্তির কথা উল্লেখ করছে সে দেশের সরকার। ১৮১৬ সালে সুগাউতে ব্রিটিশ ইন্ডিয়ার (British India) সঙ্গে নেপালের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তিতে ওই তিন স্থানকে নেপালে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছিল। এমনটাই দাবি নেপাল সরকারের। যদিও সেই চুক্তির প্রায় ২০০ বছর কেটে গিয়েছে।
সূত্রের খবর, এই চুক্তির কোনও দস্তাবেজ কোথাও নেই। তাই ব্রিটিশ ইন্ডিয়ার সঙ্গে ২০০ বছর আগে নেপালের সঙ্গে কি চুক্তি হয়েছিল তা মানতে আদৌ আগ্রহী নয় ভারত। সেই চুক্তির কথা দু’দেশের বর্তমান সরকারের জানা থাকলেও, কোনও দলিল-দস্তাবেজ বা তথ্য-প্রমাণ আর অবশিষ্ট নেই বলেই জানা গিয়েছে। তাই নেপালের এই নতুন মানচিত্র নিয়ে ভারতের সঙ্গে সংঘাত তৈরি হতে পারে বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।
করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমনের আবহে আন্তর্জাতিক রাজনীতিতে ক্রমশ কোণঠাসা হচ্ছে চীন। বাড়ছে ভারতের সঙ্গে বিরোধ। এই সুযোগে নেপালের মতো প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ভারতকে কূটনৈতিক দ্বন্দ্বে জড়িয়ে রাজনৈতিক ফায়দা তোলাই চীন সরকারের লক্ষ্য বলে মনে করছে আন্তর্জাতিক মহল। কিন্তু কোনওরকম চাপের কাছে মাথানত করতে নারাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ভারত। ভারতীয় বিদেশমন্ত্রক যে নেপালের এই নতুন মানচিত্রকে কোনওভাবে স্বীকৃতি দেবে না, তা ইতিমধ্যে স্পষ্ট করে দেওয়া হয়েছে। মানচিত্র ঘোষণা করে নেপাল যদি অন্য কোনও পথ অবলম্বন করে, তাহলে তার জন্য জবাব দেওয়ার সিদ্ধান্ত স্থির করে ফেলেছে ভারত। নেপালকে সামনে রেখে আসলে ভারতকে ব্যতিব্যস্ত রাখাই এখন শিং জিনপিং (Shing Jinping) সরকারের একমাত্র লক্ষ্য। ভারত ও চীনের এই কৌশলের বিষদাঁত ভাঙতে বদ্ধপরিকর বলে জানা গিয়েছে দিল্লি সূত্রে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news