চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
শক্তি বাড়িয়ে শহর কলকাতার দিকে ধেয়ে আসছে আমফান ঘূর্ণিঝড় (Amphan Cyclone Strom)। কিছুক্ষণের মধ্যে দিঘা ও হাতিয়া দ্বীপের মাঝে ল্যান্ডফলের পরে এই ঝড় ক্রমে এগিয়ে আসবে উত্তর ও উত্তর পূর্ব দিকে। ঝড়ের তাণ্ডবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে শহর কলকাতাই। দুপুর আড়াইটেয় থেকে কলকাতায় বৃষ্টির সঙ্গে শুরু হয়েছে ঝড়, আগামী চার ঘণ্টায় সেই ঝড়ের গতি বাড়বে কয়েকগুণ। ১৩০ কিলোমিটারেরও বেশি বেগে ঘুর্ণিঝড় বইতে পারে শহরের ওপর দিয়ে। কলকাতা ছাড়াও রাজ্যের সাতটি জেলায় সরাসরি প্রভাব পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এর ফলে কলকাতাকে তছনছ করতে পারে ঘূর্ণিঝড়৷ শহরের বিপজ্জনক বাড়ি ও গাছ ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা । বিদ্যুতের খুঁটিগুলিও উপড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মানুষকে বাড়ির বাইরে বেরোতে বারণ করা হয়েছে প্রশাসনের তরফে। হাওড়া, হুগলি সহ পার্শ্ববর্তী এলাকায় এই ঝড়ের প্রভাব পড়বে।
ঘূর্ণিঝড়ের পরিস্থিতি দেখে দমদম বিমানবন্দর থেকে সমস্ত বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে বৃহস্পতিবার ভোর পর্যন্ত। লকডাউন এর কারণে বিমান পরিষেবা বন্ধ রয়েছে, পণ্য পরিবহন ও জরুরি পরিষেবার জন্য কিছু বিমান ওঠানামা করছিল দমদম বিমানবন্দরে। কিন্তু এদিন তাও বন্ধ করে দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের শেষ আপডেট অনুযায়ী ঝড়ের গতিবেগ ১৫৫-১৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা রয়েছে এখন। কিন্তু আরও শক্তি বাড়িয়ে ১৮৫ কিলোমিটারও হতে পারে প্রতি ঘণ্টায় ঝড়ের সর্বোচ্চ গতি।
কলকাতার উপর দিয়ে সর্বোচ্চ ১৩০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে৷ উত্তর কলকাতার বড়বাজার, জোড়াবাগান, বাগবাজার থেকে দক্ষিণের গড়িয়া, ঢাকুরিয়া, কালীঘাট এলাকায় বিপজ্জনক বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাচ্ছে তারা। নিকটবর্তী স্কুল, কমিউনিটি হলে সরিয়ে নিয়ে যাওয়া হয় বিপজ্জনক ও পুরনো বাড়ির বাসিন্দাদের। অনেককে তাঁদের আত্মীয়দের বাড়িতেও পাঠিয়ে দেওয়া হয়। ফুটপাতবাসীদেরও নিকটবর্তী স্কুল ও কমিউনিটি হলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news