ওয়েব ডেস্ক:
আগামী পুরনির্বাচনেই আসল ছবিটা পরিস্কার হবে, জানিয়ে দিলেন ব্যারাকপুরের দাপুটে সাংসদ অর্জুন সিংহ। এদিন নৈহাটি পুরসভা হাতছাড়া হয়েছে গেরুয়া শিবিরের, যদিও বিজেপির কোনও কাউন্সিলরই আস্থাভোটে অংশ নেয়নি। এমত অবস্থায় বিজেপির দাপুটে নেতা জানিয়ে দিলেন, ‘৫ মাস পর পুরনির্বাচন। তখনই সামনে আসবে আসল ছবিটা।’ তিনি আরও বলেন, ‘এখন তো পুলিশ দিয়ে, ভয় দেখিয়ে বোর্ড দখল করেছে তৃণমূল। একারণেই নৈহাটি পুরসভার আস্থা ভোটে অংশ নেয়নি বিজেপি। এটা দলীয় সিদ্ধান্ত।’
উল্লেখয়, ৩৩ আসনের নৈহাটি পুরসভা। ৩১জন কাউন্সিলর নিয়ে তা দখলে রেখেছিল তৃণমূল। কিন্তু লোকসভা ভোটের ফল বেরোতেই ৩১ জনের মধ্যে ১৮ জন ঘাসফুল ত্যাগ করে পদ্মশিবিরে যোগ দেয়। এরফলে সংখ্যাগরিষ্ঠতা হারায় তৃণমূল। অন্যদিকে জোরালো হয় বিজেপির বোর্ড দখলের সম্ভাবনা।
কিছুদিন পরেই অবশ্য দলত্যাগী ১৮ জনের মধ্যে ‘ঘর বাপসি’ করে তৃণমূলে ফিরে আসেন ১০ জন কাউন্সিলর। তৃনমূলের দাবি, দ্বিতীয় দফায় আরও ৩ কাউন্সিলর দলে ফিরেছেন। ফলে নৈহাটি পুরসভায় বর্তমানে তাদের কাউন্সিলর সংখ্যা ২৬ বলে দাবি করে তৃণমূল নেতৃত্ব।
এরপর আজ ছিল আস্থা ভোট। হাইকোর্টের নির্দেশে ভোটাভুটি হয় বারাসতে জেলাশাসকর দফতরে। দেখা যায় ২৪ জন কাউন্সিলরই তৃণমূলের হয়ে ভোট দিয়েছেন। বিজেপির হয়ে কেউ ভোট দেননি। যারফলে ৩৩ ওয়ার্ডের নৈহাটি পুরবোর্ড ২৪-০-এ পুনর্দখল করল তৃণমূল।
যদিও এলাকার দাপুটে নেতা অর্জুন সিংহের মতে, পিকচার আভি বাকি হ্যায়। মাস পাঁচেক বাদেই যে প্রকৃত পরীক্ষা তা মুখে না বললেও মেনে নিচ্ছেন স্থানীয় তৃণমূল নেতৃত্বও।